নিজস্ব প্রতিবেদক

অবহেলা ও দায়িত্বহীনতায় সড়কে মৃত্যুর মিছিল: নিসচা

আপডেট: মার্চ ২৫, ২০২৬ : ০৫:১৬ এএম
অবহেলা ও দায়িত্বহীনতায় সড়কে মৃত্যুর মিছিল: নিসচা

পবিত্র ঈদকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা)। সংগঠনটির দাবি, অবহেলা, দায়িত্বহীনতা ও আইন না মানার প্রবণতার কারণে সড়কগুলো যেন মৃত্যুর মিছিলে পরিণত হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিসচার মহাসচিব লিটন এরশাদ এ কথা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাগেরহাট ও কুমিল্লার পদুয়ারবাজারসহ বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। এতে হতাহত বাড়ার পাশাপাশি মানুষের মধ্যে আতঙ্কও তৈরি হয়েছে।

নিসচার পর্যবেক্ষণে দেখা গেছে, অধিকাংশ দুর্ঘটনার পেছনে অতিরিক্ত গতি, ট্রাফিক আইন অমান্য এবং চালকদের অসতর্কতা দায়ী। প্রতি বছরের মতো এবারের ঈদেও একই চিত্র দেখা যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিছু স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম প্রশংসনীয় হলেও অনেক জায়গায় আইন প্রয়োগে শৈথিল্য রয়েছে। ফলে ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, অনিয়ন্ত্রিত গতি ও নিয়ম না মানার প্রবণতা বেড়েছে।

নিসচা জানায়, প্রতি বছর ঈদকে সামনে রেখে তাদের স্বেচ্ছাসেবকেরা বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করেন। যেখানে এ উদ্যোগ কার্যকর হয়েছে, সেখানে সড়কের বিশৃঙ্খলা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে সব এলাকায় এ কার্যক্রম চালানো সম্ভব হয় না।

এদিকে, ফিটনেসবিহীন যানবাহনের চলাচল ও অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনাও বেড়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

নিসচা বলেছে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ, কঠোর আইন প্রয়োগ ও জনসচেতনতা বাড়ানো জরুরি। ঈদযাত্রাকে বিশেষ পরিস্থিতি হিসেবে বিবেচনা করে আগাম পরিকল্পনা গ্রহণের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!