নিজস্ব প্রতিবেদক

এক ধাক্কায় ৪ গ্রেড পেয়ে পুরস্কৃত সাংবাদিকের হেনস্থায় জড়িত হাইটেকপার্ক কর্তৃপক্ষের হিসাব রক্ষক

আপডেট: এপ্রি ০২, ২০২৬ : ০৫:০২ এএম ২২
এক ধাক্কায় ৪ গ্রেড পেয়ে পুরস্কৃত সাংবাদিকের হেনস্থায় জড়িত হাইটেকপার্ক কর্তৃপক্ষের হিসাব রক্ষক

পেশাগত দায়িত্ব পালনকালে  সিনিয়র সাংবাদিক এস এম ইমদাদুল হকের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত এক কর্মচারীকে তদন্তধীন অবস্থাতেই এক ধাক্কায় চার গ্রেড পদোন্নতি দিয়ে ঢাকায় ফিরিয়ে আনার আদেশ দিয়েছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ।

অভিযুক্ত, মোশারফ হোসেন পারভেজ, যিনি আগে হিসাবরক্ষক (গ্রেড-১৩) হিসেবে কর্মরত ছিলেন, তাকে চলতি দায়িত্বে হিসাবরক্ষণ কর্মকর্তা (গ্রেড-০৯) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। ১ এপ্রিল ২০২৬ থেকে আগামী ছয় মাসের জন্য এ দায়িত্ব কার্যকর থাকবে বলে সংশ্লিষ্ট আদেশে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী তাকে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে এবং তিনি বিধি মোতাবেক কার্যভারভাতা প্রাপ্য হবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ আগস্ট দায়িত্ব পালনকালে তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাতের জ্যেষ্ঠ সাংবাদিক এস এম  ইমদাদুল হকের ওপর হামলার ঘটনায় মোশারফ হোসেন পারভেজের বিরুদ্ধে অভিযোগ ওঠে। হামলার সিসিটভি ফুটেজও প্রকাশ করে একটি বেসরকারি টেলিভিশন। সে সময় ঘটনাটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বিভিন্ন সাংবাদিক সংগঠন, প্রযুক্তি খাতের ব্যবসায়ী ও সামাজিক সংগঠন জড়িতদের শাস্তির দাবি জানায়। ঘটনার তদন্তে তখন একটি কমিটিও গঠন করা হয়। কমিটির প্রতিবেদন প্রকাশের আগেই তাকে এক লাফে ১৩ থেকে ৯ম গ্রেডে পদোন্নতি দেয়ায় সাংবাদিক থেকে শুরু করে আইসিটি বিভাগের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।

ঘটনার পর হেনস্থার শিকার সাংবাদিক লিখিত অভিযোগ করেছিলেন। সেখানে তিনি উল্লেখ করেন, আইসিটি টাওয়ারে পেশাগত দায়িত্ব পালনকালে হাইটেক পার্কে নিয়োগসংক্রান্ত অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে তাকে বাধা দেওয়া হয়। একপর্যায়ে সংশ্লিষ্ট কর্মচারীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে তিনি প্রাণরক্ষার্থে সেখান থেকে তৎকালীন পিআরও এর রুমে আশ্রয় নেন।

অভিযোগে আরও বলা হয়, ঘটনাটি নিশ্চি সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে। ফলে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয় ওই চিঠিতে। বিভাগীয় তদন্তে ব্যবস্থা গ্রহণের শর্তে  বিআইজেএফ এর তৎকালীণ নির্বাহী কমিটির সদস্য হিসেবে সংগঠনের শীর্ষ নেতাদের  উপস্থিতিতে আইনি পদক্ষেপ থেকে বিরত থাকেন।

এদিকে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে ও তদন্তের স্বার্থে ৫ অক্টোবর অভিযুক্ত পারভেজকে  খুলনার কুয়েট আইটি পার্কে বদলিও করা হয়।  এরপর সেইসময়ের প্রধান উপদেষ্টার বিশেষ সরকারি ফয়েজ আহমদ তৈয়্যব হাইটেক পার্কে বিশেষ সহকারীর নামে প্রভাব খাটানোর অভিযোগে  শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর পারভেজকে বরিশাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারে বদলি করা হয়।

তবে হাইটেক পার্কের তৎকালীন এমডি আমিনুল ইসলাম ২০২৫ সালে হজ্বে গেলে ইনোভেশন এক্সপোতে কাজ করার নাম করে হাইটেক পার্কে প্রভাশলী হয়ে ওঠা এক যুগ্মসূচিব  তাকে ঢাকায় সংযুক্তিতে নিয়ে আসেন। সবশেষ তার মাধ্যমেই ১ এপ্রিল, সবাইকে বোকা বানিয়ে পুরস্কৃত করে নবম গ্রেডের হিসাব রক্ষণ কর্মকর্তা পদে চলতি দায়িত্ব প্রদান করে চিঠি জারি করা হয়েছে। 

সাংবাদিক হেনস্থার  নিষ্পত্তি না করে এরকম একজন অপরাধীকে উচ্চ পদে পদায়নে অনৈতিকতার গন্ধ ছড়াচ্ছে বলে মনে করেন সাংবাদিক নেতারা। 

প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানে তেজগাঁও শিল্প এলাকায় একটি হত্যা মামলার ৬৩তম এজাহারভূক্ত আসামি এই মোশারফ হোসেন পারভেজ। প্রযুক্তি পোর্টাল ডিজিবাংলায় প্রকাশিত "সুবিধাভোগিরাই সংস্কার আন্দলনে" শীর্ষক সংবাদে সরকাির চাকরিতে রাজনৌতিক পরিচয়ে সুবিধা নেয়ার প্রমাণসহ সংবাদ প্রকাশের দিনেই পোর্টালটির নির্বাহী সম্পাদক ইমদাদুল হকের ওপর হামলা করে তিনি তার ক্যাডার আচারণের পরিচয় দেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!