বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কারও বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাকে বদনাম করা বড় পাপ। তিনি বলেন, মিথ্যা বলা যেমন মহাপাপ, তেমনি কাউকে মিথ্যা অপবাদ দিয়ে সমাজে হেয় করা আরও বড় অন্যায়।
শুক্রবার রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস স্কুল মাঠে রমনা থানা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন মির্জা আব্বাস। অনুষ্ঠানে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।
মির্জা আব্বাস তাঁর নির্বাচনী এলাকার প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির কিছু নেতার প্রতি ইঙ্গিত করে বলেন, ‘মুরুব্বিরা আমাদের শিখিয়েছেন মিথ্যা বলা মহাপাপ। তাই কারও নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বদনাম করবেন না। এই পাপ থেকে নিজেরা দূরে থাকুন এবং আমাদেরকেও দূরে রাখুন।’
ঢাকা-৮ আসনের নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভোট কারচুপি না হলে তাঁর প্রতিদ্বন্দ্বীরা এত ভোট পেতেন না। তাঁর দাবি, কয়েকটি কেন্দ্রে বিএনপির নেতাকর্মীরা রাতভর পাহারা দিয়ে ভোট রক্ষা করেছেন, না হলে সব কেন্দ্রেই ‘সিল মারা’ হতো।
মির্জা আব্বাস আরও বলেন, তাঁর এলাকায় হারার ইতিহাস নেই। তিনি দাবি করেন, অতীতেও এই এলাকায় তাঁর শক্ত সমর্থন ছিল এবং এখনো রয়েছে। তাঁর ভাষ্য, নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ না করলে প্রতিপক্ষ এত ভোট পেল কীভাবে—সেটি এখন বড় প্রশ্ন।
রমনা থানা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্যসচিব মোহাম্মদ শামীম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মহানগর ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!