রাজনীতি

দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম

আপডেট: মার্চ ০৭, ২০২৬ : ০৫:৪৫ এএম
দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের রাজনৈতিক ক্ষমতায় দল পরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। তাঁর ভাষ্য, এক দলের জায়গায় আরেক দল এসেছে, কিন্তু মানুষের জীবনে বাস্তব কোনো উন্নতি দেখা যায়নি।

শুক্রবার রাজধানীর উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে জাতীয় নাগরিক পার্টির ঢাকা সাংগঠনিক বিভাগের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি আগে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ বলতেন, এখন ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলেন। তাঁর মতে, শুধু স্লোগান বদলেছে, কিন্তু রাষ্ট্র পরিচালনার ধরনে বড় কোনো পরিবর্তন আসেনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, বর্তমান সরকারের সময় সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়েছে। নোয়াখালীর হাতিয়ায় ভোট দেওয়া নিয়ে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলেও তিনি অভিযোগ করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, এসব ঘটনার পরও সুশীল সমাজ ও নারী অধিকারকর্মীদের অনেককে নীরব থাকতে দেখা যাচ্ছে। তবে তাঁর দাবি, জাতীয় নাগরিক পার্টি এ বিষয়ে নীরব থাকবে না এবং মানুষের অধিকার রক্ষায় দলটি সব সময় সোচ্চার থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ ছাড়া কেন্দ্রীয় ও ঢাকা বিভাগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!