রাজনীতি

ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে: হুমায়ুন কবির

আপডেট: মার্চ ১৪, ২০২৬ : ০৫:৪৬ এএম
ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে: হুমায়ুন কবির

ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক স্থায়ী করতে হলে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদার হওয়া প্রয়োজন।

শুক্রবার বিকেলে সিলেট সার্কিট হাউসে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

হুমায়ুন কবির বলেন, গত ১৫–১৬ বছর ভারতের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক ছিল না। সে সময় ভারতের সরকারের সম্পর্ক ছিল কেবল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা–র সঙ্গে। বর্তমান সরকার দুই দেশের মধ্যে টেকসই ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে।

তিনি বলেন, সম্পর্ককে টেকসই করতে হলে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক আস্থা বাড়াতে হবে।

ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, তিনি সেখানে আশ্রয় নিয়ে যদি বাংলাদেশে কোনো ধরনের অস্থিরতা তৈরির চেষ্টা করেন, তাহলে তা দুই দেশের সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে।

জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে ডিজেল আমদানির বিষয়ে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, দেশের চাহিদা অনুযায়ী যেখানে ন্যায্য মূল্যে জ্বালানি পাওয়া যাবে, সেখান থেকেই সরকার তা কিনবে। এ ক্ষেত্রে নির্দিষ্ট কোনো দেশের ওপর নির্ভর করার পরিকল্পনা নেই।

তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে প্রবাসী বাংলাদেশিদের সম্ভাব্য সমস্যাগুলো সমাধানে সরকার আন্তঃমন্ত্রণালয় কমিটির মাধ্যমে কাজ করছে। ভিসা জটিলতা, ফ্লাইটের ব্যবস্থা ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!