বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম হোক, তা চায় না বাংলাদেশ জামায়াতে ইসলামী—এমন মন্তব্য করেছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা-১৫ আসনে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডা. শফিকুর রহমান বলেন, সংবিধানের কিছু ধারা পরিবর্তনের পক্ষে গণভোটে সংখ্যাগরিষ্ঠ মানুষ মত দিলেও সরকার তা মানছে না। তাঁর ভাষায়, জনগণের এই রায় উপেক্ষা করা ঠিক নয়। তিনি বলেন, দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব, আর বিরোধী দলের কাজ হলো ভুলত্রুটি তুলে ধরা এবং জনগণের অধিকার রক্ষা করা। সরকার যদি সেই দায়িত্বে ব্যর্থ হয়, তবে বিরোধী দল প্রতিবাদ করবে।
জাতীয় পরিস্থিতি নিয়ে বক্তব্যে তিনি বলেন, সাম্প্রতিক নির্বাচনে একটি দল সরকার গঠন করলেও একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়ন হয়নি। এ বিষয়ে সংসদে আলোচনা হলেও প্রত্যাশিত অগ্রগতি হয়নি বলে দাবি করেন তিনি।
জ্বালানি সংকট প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে। তবে বাস্তবতা সঠিকভাবে তুলে ধরা হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। স্কুল বন্ধ করে ডিজিটাল ক্লাস চালুর সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, শিক্ষাব্যবস্থাকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করা উচিত নয়। শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় এ ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তরের নেতাসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!