রাজনীতি

গণভোট না মানার পেছনে একনায়কতন্ত্রের আশঙ্কা: এনসিপি

আপডেট: এপ্রি ০৫, ২০২৬ : ০৫:২৯ এএম
গণভোট না মানার পেছনে একনায়কতন্ত্রের আশঙ্কা: এনসিপি

গণভোটের রায় মেনে ‘জুলাই সনদ’ বাস্তবায়িত হলে দেশে দলীয়করণ ও একনায়কতন্ত্রের পথ বন্ধ হয়ে যাবে—এই আশঙ্কা থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গণভোট মানতে চাইছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

শনিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি আয়োজন করা হয়।

আখতার হোসেন বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে নিজেদের বৈধ দাবি করলেও একই জনগণের দেওয়া গণভোটের রায়কে ‘অবৈধ’ বলা হচ্ছে, যা জনগণের সঙ্গে ধৃষ্টতার শামিল। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে গণভোট নিয়ে আপত্তি না থাকলেও এখন সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর অবস্থান বদলেছে বিএনপি।

সমাবেশে সভাপতিত্ব করেন এ টি এম আজহারুল ইসলাম। সেখানে বিভিন্ন দলের নেতারা বক্তব্য দেন। তাঁরা বলেন, একই তফসিলে অনুষ্ঠিত নির্বাচন ও গণভোটের ফল ভিন্নভাবে মূল্যায়ন করা গ্রহণযোগ্য নয়।

বক্তারা দাবি করেন, অবিলম্বে গণভোটের রায় কার্যকর করে সংস্কার প্রক্রিয়া শুরু করতে হবে। অন্যথায় জনগণ রাজপথে নামবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

সমাবেশ শেষে বায়তুল মোকাররম এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল এলাকায় গিয়ে শেষ হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!