রাজনীতি

সংবিধানের দোহাই আর নয়, ফ্যাসিবাদের দাফন চাই: ডা. শফিকুর রহমান

আপডেট: এপ্রি ০৬, ২০২৬ : ০৫:০৮ এএম
সংবিধানের দোহাই আর নয়, ফ্যাসিবাদের দাফন চাই: ডা. শফিকুর রহমান

সংবিধানকে সামনে রেখে আর ‘ফ্যাসিবাদ’ প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, জামায়াত কখনোই সংবিধান ছুড়ে ফেলার কথা বলেনি; বরং সংবিধানের যেসব ধারা থেকে ‘ফ্যাসিবাদের জন্ম’ হয়েছে, সেগুলোর পরিবর্তন চায় দলটি।

ডা. শফিকুর রহমান বলেন, “সংবিধানের দোহাই দিয়ে আর ফ্যাসিবাদ ফিরতে দেব না। আমরা ফ্যাসিবাদের কবর রচনা করতে চাই।” তিনি আরও বলেন, জামায়াত সংবিধানবিরোধী নয়, তবে একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের জন্য প্রয়োজনীয় সংস্কার জরুরি।

সংসদে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, গত ১৭ বছরে তাঁর দলের ওপর সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে। তিনি বলেন, “এই সংসদের সবাই কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে আইন ও সংবিধানের আড়ালে আর কোনো অন্যায় প্রতিষ্ঠিত হবে না।”

জুলাই সনদ প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, এটি তাদের কাছে ‘কলিজার অংশ’। তিনি দাবি করেন, জুলাই অভ্যুত্থান, নব্বইয়ের গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের কোনোটি অস্বীকার করার সুযোগ নেই। গণভোটের বিষয়ে তিনি বলেন, আগে কেউই সংসদ নির্বাচন বা গণভোট অস্বীকার করেনি। তাই এ নিয়ে অযথা বিতর্ক না করে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর আহ্বান জানান তিনি।

মব কালচারের দায় জামায়াতের ওপর চাপানোর অভিযোগ নাকচ করে ডা. শফিকুর রহমান বলেন, যে দলটি সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ‘লজ্জাজনক’। তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ক্ষমতার প্রভাব খাটিয়ে কেউ অপরাধ করেও পার পাবে না এবং সমাজের সব মানুষ সমান অধিকার ভোগ করবে।”


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!