রাজনীতি

কিছু শক্তি সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল

আপডেট: এপ্রি ০৬, ২০২৬ : ০৫:১১ এএম
কিছু শক্তি সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল

সমাজে বিভাজন ও বিদ্বেষ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কিছু শক্তি সমাজে বিভাজন তৈরির চেষ্টা করছে, যা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

রোববার রাজধানীর মাদানি অ্যাভিনিউতে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমাদের সমাজ থেকে ‘ঘৃণা’ শব্দটিকে চিরতরে বিদায় দিতে হবে। ঘৃণা নয়, বরং ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধই হোক আমাদের পথচলার ভিত্তি।”

বাংলাদেশের বহুত্ববাদী সমাজব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, এ দেশে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। ইসলাম, সনাতন, খ্রিষ্টান ও বৌদ্ধ—সব ধর্মাবলম্বী মানুষের সহাবস্থানই বাংলাদেশের অন্যতম শক্তি।

তিনি আরও বলেন, অতীতে ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরির অপচেষ্টা হয়েছে। সেসব থেকে শিক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, তাদের সহযোগিতা ও সমর্থন নিয়ে আগামীর বাংলাদেশকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করতে চায় সরকার।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!