ঢাকার ধামরাই উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার বিকেলে উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কালামপুর বাসস্ট্যান্ডে এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান চলছিল। এ সময় ঢাকা জেলা উত্তরের কমিটির একাংশের নেতা-সমর্থকদের সঙ্গে ধামরাই উপজেলা শাখার নেতা-কর্মীদের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।
ঢাকা জেলা উত্তরের কমিটির নেতা-কর্মীদের দাবি, পরিকল্পিতভাবে উপজেলা শাখার পক্ষ থেকে তাদের ওপর হামলা চালানো হয়েছে।
তবে ধামরাই উপজেলা শাখার নেতা-কর্মীদের দাবি, ঢুলিভিটা এলাকায় আগে থেকেই দলীয় কার্যালয় থাকা সত্ত্বেও নতুন করে আরেকটি কার্যালয় উদ্বোধনের কারণ জানতে চাইলে উত্তেজনা সৃষ্টি হয় এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে এনসিপির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদ বলেন, নতুন কমিটি গঠনের কারণে কিছু স্বার্থান্বেষী মহলের অসন্তোষ থেকেই এ হামলার ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘জুলাই নিয়ে ব্যবসা’ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই একটি পক্ষ সংঘর্ষে জড়ায়।
অন্যদিকে ধামরাই উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকন বলেন, দীর্ঘদিন ধরে ঢুলিভিটা এলাকায় কার্যালয় থেকে দলীয় কার্যক্রম পরিচালিত হচ্ছিল। নতুন কার্যালয় উদ্বোধনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!