রাজনীতি

যুবদল পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ: ডা. কামরুলের সঙ্গে দেখা করলেন নেতারা

আপডেট: এপ্রি ১১, ২০২৬ : ০৬:১৬ এএম
যুবদল পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ: ডা. কামরুলের সঙ্গে দেখা করলেন নেতারা

যুবদলের নেতা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগের ঘটনায় প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলাম-এর সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় নেতারা।

শুক্রবার রাত দেড়টার দিকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন-সহ সংগঠনের অন্যান্য নেতারা।

সাক্ষাৎকালে তারা অভিযোগে জড়িত মো. মঈন উদ্দিন মঈনসহ চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারে কাজ করছে বলেও জানান তারা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, যুবদলের নেতারা হাসপাতালে গিয়ে ডা. কামরুল ইসলামকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন।

এ সময় ডা. কামরুল ইসলাম যুবদলের কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানান। ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, গত ৫ আগস্টের পর শ্যামলীর একটি এলাকার বাসিন্দা মঈন নামের এক ব্যক্তি হাসপাতালের খাবার সরবরাহের ঠিকাদারি নেন। পরে খাদ্যপণ্যের অতিরিক্ত দাম দাবি করায় তাকে বাদ দেওয়া হয়। এর জেরে তিনি লোকজন নিয়ে হাসপাতালে এসে কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এবং অর্থ দাবি করেন।

এ সময় অভিযুক্ত ব্যক্তি নিজেকে যুবদলের নেতা হিসেবে পরিচয় দিয়েছিলেন কি না—এ বিষয়ে জানতে চান সভাপতি মুন্না। জবাবে ডা. কামরুল বলেন, ওই ব্যক্তি নিজেকে যুবদলের নেতা পরিচয় দিয়ে কাউন্সিলর নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছার কথাও জানান।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং স্থানীয় নেতাদেরও অবহিত করা হয়েছিল। তবে অভিযুক্ত ব্যক্তির প্রভাবের কারণে তখন কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!