রাজনীতি

ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের রক্ত ভুলে গেছে: নাহিদ ইসলাম

আপডেট: এপ্রি ১২, ২০২৬ : ০৫:৩৬ এএম
ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের রক্ত ভুলে গেছে: নাহিদ ইসলাম

ক্ষমতায় আসার পর বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, শ্রমজীবী মানুষের রক্তের ওপর ভর করেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু ক্ষমতায় যাওয়ার এক মাসের মধ্যেই তারা জনগণের প্রত্যাশা থেকে সরে গেছে। “ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের রক্তের কথা ভুলে গেছে”—বলেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, নতুন সরকার গণভোটের রায় উপেক্ষা করেছে এবং সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তার ভাষায়, “এই সরকার গণবিরোধী সরকারে পরিণত হয়েছে।”

দেশের বিভিন্ন আন্দোলনে শ্রমিকদের ভূমিকার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ১৯৪৭ সালের আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং পরবর্তী বিভিন্ন গণআন্দোলনে শ্রমজীবী মানুষই সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে।

অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলো আইনে পরিণত করা এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি বিএনপি ভঙ্গ করেছে বলেও অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, রাজনীতিতে প্রতিশ্রুতি ভঙ্গের পরিণতি ভালো হয় না। তিনি শ্রমিকদের অধিকার ও সংস্কার বাস্তবায়নের দাবিতে গণআন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!