উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তিনি বলেন, ‘প্রতিটি এলাকার শিক্ষা, অবকাঠামো ও পরিবেশগত উন্নয়নে সরকার অত্যন্ত আন্তরিক। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। নান্দাইলের মানুষের শিক্ষা নিশ্চিত করা এবং জনদুর্ভোগ লাঘব করাই আমাদের মূল লক্ষ্য।’
শুক্রবার ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দিনব্যাপী সফরে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিন দিনের সফরে বৃহস্পতিবার ময়মনসিংহ হয়ে নান্দাইলে পৌঁছান প্রতিমন্ত্রী। সফরের দ্বিতীয় দিনের শুরুতে শুক্রবার সকালে তিনি বাহাদুরপুর হাউজে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। পরে মোয়াজ্জেমপুর সাহেব বাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।
নামাজ শেষে নান্দাইলের চর বেতাগৈর কেন্দ্রীয় পাঠাগার পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন প্রতিমন্ত্রী। সেখানে স্থানীয় মানুষের উদ্দেশে তিনি বলেন, পাঠাগার জ্ঞানচর্চার কেন্দ্র। তরুণ প্রজন্মকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখতে তাদের পাঠাগারমুখী করতে হবে।
পরে তিনি চর উত্তরবন্দ (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার আধুনিক ভবন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা তৈরি করে দিচ্ছে। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
দিনব্যাপী কর্মসূচির একপর্যায়ে কানুরামপুর-ত্রিশাল সড়কের চর বেতাগৈর ইউনিয়নের নতুন বাজার এলাকায় জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের জন্য খালটি পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। দীর্ঘদিনের জলাবদ্ধতায় স্থানীয় মানুষের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পানি নিষ্কাশনের টেকসই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এ সময় ইয়াসের খান চৌধুরী বলেন, ‘জনগণের ভোগান্তি নিরসনে আমরা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। উন্নয়নের পথে কোনো প্রতিবন্ধকতা সহ্য করা হবে না। জলাবদ্ধতা দূর করে মানুষের চলাচলের দুর্ভোগ অচিরেই দূর করা হবে।’
সফরকালে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীরা প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!