প্রযুক্তি

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইটি সচেতন নাগরিকদের সংগ্রহে রাখার মতো দলিল: তথ্যমন্ত্রী

আপডেট: আগ ১৯, ২০২৬ : ০৪:৪৫ এএম ১৫
‘রাজনীতির সদরে-অন্দরে’ বইটি সচেতন নাগরিকদের সংগ্রহে রাখার মতো দলিল: তথ্যমন্ত্রী

সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খানের লেখা ‘রাজনীতির সদরে-অন্দরে’ বইটি শুধু সুখপাঠ্য সাহিত্য বা স্মৃতিকথা নয়, এটি রাজনৈতিক কর্মী, সমাজকর্মী ও সচেতন নাগরিকদের সংগ্রহে রাখার মতো গুরুত্বপূর্ণ একটি দলিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, বইটিতে সাধারণ পাঠকের জন্য ইতিহাস জানার পাশাপাশি আনন্দের খোরাক যেমন রয়েছে, তেমনি গভীর ও অনুসন্ধানী পাঠকের জন্যও রয়েছে জানার ও শেখার উপকরণ। রাজনৈতিক সংস্কৃতির জটিল পথ, ক্ষমতার সঙ্গে রাজনীতির সম্পর্ক এবং মানুষের বিচিত্র প্রবৃত্তির রূপান্তর বইটিতে সাবলীলভাবে উঠে এসেছে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সূচিপত্র প্রকাশনী আয়োজিত ‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

‘রাজনীতির বহু ঘটনা ও চরিত্র উঠে এসেছে’

লেখক মারুফ কামাল খানকে নিজের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, দেশ, সমাজ ও রাজনীতি নিয়ে তাঁদের ভাবনাগুলো অনেকটাই কাছাকাছি। স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত রাজনৈতিক অঙ্গনের বহু ঘটনা, চরিত্র ও পরিস্থিতি বইটিতে উঠে এসেছে।

তিনি বলেন, মহাভারতের মতো মহাকাব্যে বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে মানবপ্রবৃত্তির নানা দিক তুলে ধরা হয়। লেখক সচেতনভাবে বা অসচেতনভাবেই হোক, বইয়ের বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে মানুষের সুকুমার ও বিপরীতমুখী প্রবৃত্তিগুলো সামনে এনেছেন।

‘স্মৃতির ভাণ্ডার থেকেই বইটি সাজিয়েছেন’

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে মারুফ কামাল খানের দায়িত্ব পালনের সময়ের স্মৃতিচারণ করে তথ্যমন্ত্রী বলেন, ওই সময়ে তাঁদের অফিসকক্ষটি ছিল নির্ভরযোগ্য আড্ডার একটি জায়গা। সেই সময়ের স্মৃতির ভাণ্ডার থেকেই লেখক রাজনীতির সদর ও অন্দরের সত্য ঘটনাগুলো তুলে ধরে ইতিহাসনির্ভর এই বইটি সাজিয়েছেন।

প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

এ ছাড়া আলোচক হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী।

অনুষ্ঠানে ‘দৈনিক প্রতিদিনের বাংলাদেশ’-এর সম্পাদক ও গ্রন্থকার মারুফ কামাল খান বইটির রচনা ও পটভূমি পাঠকদের সামনে তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সূচিপত্র প্রকাশনীর প্রকাশক ও প্রধান নির্বাহী সাঈদ বারী। এ সময় সাংবাদিক, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!