রাজধানী

ময়লার বিল ১০০ টাকার বেশি নিলেই ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

আপডেট: মার্চ ০৫, ২০২৬ : ০৫:৫০ এএম
ময়লার বিল ১০০ টাকার বেশি নিলেই ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম জানিয়েছেন, বাসা থেকে ময়লা সংগ্রহের বিল নির্ধারিত ১০০ টাকার বেশি নেওয়া হলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৪ মার্চ) লালবাগের শহিদনগর শ্মশানঘাটে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। অনুষ্ঠানটি ছিল ডিএসসিসির মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ক্রাশ প্রোগ্রামের অংশ।

প্রশাসক বলেন, “যদি কেউ নির্ধারিত ১০০ টাকার বেশি দাবি করে, তা সিটি কর্পোরেশনে জানানো হবে। অভিযোগ প্রমাণিত হলে ময়লা সংগ্রহের দায়িত্বে থাকা ঠিকাদারের চুক্তি বাতিল করা হবে।” তিনি আরও ঘোষণা করেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডিএসসিসির কবরস্থানে লাশ দাফন ও শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া বাবদ নিবন্ধন ফি ১০০০ টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা করা হয়েছে।

প্রশাসক ঢাকার পরিচ্ছন্নতা ও বাসযোগ্যতা নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “পুরান ঢাকাকে সবচেয়ে উন্নত করতে চাই। এখানে রাস্তার লাইট ঠিকমতো জ্বলবে, বর্জ্য নিয়মিত পরিষ্কার হবে এবং মশা নিয়ন্ত্রণে থাকবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌসসহ অন্যান্য বিভাগীয় প্রধানরা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!