রাজধানী

ঈদ কেনাকাটায় নিউমার্কেট-এলিফ্যান্ট রোডে উপচে পড়া ভিড়

আপডেট: মার্চ ০৭, ২০২৬ : ০৫:৫৯ এএম
ঈদ কেনাকাটায় নিউমার্কেট-এলিফ্যান্ট রোডে উপচে পড়া ভিড়

ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর নিউমার্কেট ও এলিফ্যান্ট রোড এলাকায় ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত যানজট ও মানুষের উপচে পড়া ভিড়ের কারণে প্রতিটি গাড়ি চলাচলে ৩০–৩৫ মিনিট সময় ব্যয় করতে হচ্ছে।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এলাকা ঘুরে দেখা গেছে, শপিংমল, মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি ব্যাপক। বিশেষ করে পোশাক, জুতা, প্রসাধনী ও শিশুদের সামগ্রীর দোকানে বেশি ভিড় লক্ষ্য করা গেছে। রঙিন বাতিতে সাজানো এসব দোকান ক্রেতাদের আকৃষ্ট করছে।

নিউমার্কেট ও এলিফ্যান্ট রোডের মূল সড়ক, গাউসিয়া মার্কেট ও আশপাশের অলিগলিতে ক্রেতাদের ভিড় ক্রমশ বাড়ছে। অনেকেই পরিবার-পরিজন নিয়ে, আবার কেউ বন্ধুদের সঙ্গে কেনাকাটায় এসেছেন।

এলিফ্যান্ট রোড এলাকার জুতা ব্যবসায়ী সোহাগ বলেন, “এবার ক্রেতা সমাগম তুলনামূলক কম। সন্ধ্যার পর মাত্র তিন জোড়া জুতা বিক্রি করতে পেরেছি। অন্যান্য বছরের তুলনায় ভিড় কম।”
ঢাকা কলেজের সামনে গ্লোব মার্কেটের প্যান্ট ব্যবসায়ী রুবেল বলেন, “রমজানের প্রথম সপ্তাহে বেচাকেনা কম ছিল। গত দুই-তিন দিন ধরে ক্রেতা বাড়ছে। শুক্রবার হওয়ায় আজ আরও বেশি ভিড়।”

ক্রেতা আজমল ফুয়াদ জানান, “অফিস ও অন্যান্য ব্যস্ততার কারণে আগে কেনাকাটা করতে পারিনি। তাই আজ স্ত্রীকে নিয়ে মার্কেটে এসেছি। এখনই অনেক ভিড়, সামনে আরও বাড়বে।”

এছাড়া ভিড়ের সঙ্গে সঙ্গে যানজটও তীব্র। এলিফ্যান্ট রোড মোড় থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত যেতে ১৫ মিনিট, আর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত ৩০–৩৫ মিনিট সময় লাগে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মার্কেটগুলোর নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বছরের এই সময়ে নিউমার্কেট ও এলিফ্যান্ট রোড ঈদের কেনাকাটার অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। ব্যবসায়ী ও ক্রেতাদের আশা, ঈদ যত ঘনিয়ে আসবে, ততই ভিড় আরও বাড়বে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!