আগামী পাঁচ বছরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৩ লাখ গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম বলেছেন, ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। সৃজনী বাংলাদেশের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আব্দুস সালাম বলেন, ‘জীবন বাঁচাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ কর্মসূচিকে জনআন্দোলনে পরিণত করতে হবে।’ তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী প্রতি বছর গড়ে ৬০ হাজার গাছ লাগানো হবে।
এই লক্ষ্য অর্জনে ডিএসসিসি নিজস্ব ব্যবস্থাপনায় একটি আধুনিক নার্সারি স্থাপনের উদ্যোগ নিয়েছে বলে জানান প্রশাসক। পাশাপাশি বন অধিদপ্তরের সঙ্গে চুক্তির আওতায় ‘জিরো সয়েল’ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে সড়কের মিডিয়ান ও আইল্যান্ডগুলো সবুজায়নের আওতায় আনা হবে।
নাগরিক সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘নাগরিকরা সচেতন হলে সিটি করপোরেশনের অর্ধেক কাজ সহজ হয়ে যায়। বাকিটা আমরা সম্পন্ন করব।’ সবার সম্মিলিত উদ্যোগে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ গড়ে তোলার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য একটি বিনা মূল্যের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!