স্বাস্থ্য

হাম মোকাবিলায় সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আপডেট: এপ্রি ১২, ২০২৬ : ০৬:১৭ এএম
হাম মোকাবিলায় সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত। তিনি বলেন, বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে ১৮টি জেলার ৩০টি উপজেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেখানে ইতোমধ্যে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর কড়াইল বস্তির এরশাদ মাঠে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, গত ৫ এপ্রিল থেকে জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের বড় সিটি কর্পোরেশনগুলোতেও এ কার্যক্রম চালু করা হচ্ছে। আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে আমরা সময় নষ্ট করার সুযোগ দেখছি না। দ্রুততম সময়ের মধ্যে জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছি।”

সরকারের চলমান কার্যক্রম সম্পর্কে জনগণকে জানানো জরুরি উল্লেখ করে তিনি বলেন, “মানুষ যেন বুঝতে পারে সরকার তাদের জন্য কাজ করছে—সেই বার্তা পৌঁছে দিতে হবে।”

মায়েদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের অবশ্যই টিকার আওতায় আনতে হবে। তিনি ব্যাখ্যা করেন, হাম দ্রুত সংক্রমণযোগ্য হলেও টিকার মাধ্যমে এটি প্রতিরোধ করা সহজ। গোষ্ঠীগত রোগ প্রতিরোধ ক্ষমতা (হার্ড ইমিউনিটি) গড়ে তুলতে অধিকাংশ শিশুকে টিকার আওতায় আনা প্রয়োজন।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, রাজধানীর মহাখালীতে ডিএনসিসির একটি স্থাপনায় পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে নগরবাসী সহজে চিকিৎসাসেবা পেতে পারে।

এ সময় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!