স্বাস্থ্য

‘রাতের অন্ধকারে দৈত্যের মতো হঠাৎ করে হাম আমাদের আক্রমণ করে’

আপডেট: এপ্রি ১২, ২০২৬ : ০৬:২৪ এএম
‘রাতের অন্ধকারে দৈত্যের মতো হঠাৎ করে হাম আমাদের আক্রমণ করে’

হাম রোগের হঠাৎ প্রাদুর্ভাবকে ‘রাতের অন্ধকারে দৈত্যের মতো আক্রমণ’ হিসেবে বর্ণনা করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আন্তর্জাতিক সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আজ রোববার (১২ এপ্রিল) রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য বিশেষ হাম টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, “রাতের অন্ধকারে দৈত্যের মতো হঠাৎ করে আমাদের ওপর মিজেলস (হাম) আক্রমণ করে। তবে আমরা গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর সহায়তায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছি।”

তিনি জানান, গত ৫ এপ্রিল থেকে দেশের ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও এই কর্মসূচি সম্প্রসারণ করা হয়েছে। আগামী ছয় মাস সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারলে হাম নিয়ন্ত্রণে স্থায়ী সাফল্য আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্ত্রী সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, দায়িত্বশীলভাবে কাজ করলে এই কর্মসূচি সফল হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিতভাবে হামের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, একজন হাম আক্রান্ত ব্যক্তি গড়ে ১৮ জন পর্যন্ত অন্যকে সংক্রমিত করতে পারেন। এ কারণে রোগীকে আলাদা রাখা বা আইসোলেশন নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

রেলপথ ও সড়ক পরিবহন সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, সাম্প্রতিক সময়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বেড়েছে। সময়মতো টিকা গ্রহণই এ রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

সভাপতির বক্তব্যে ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম বলেন, চলমান টিকাদান কর্মসূচি সফল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে শুরু হওয়া এই বিশেষ টিকাদান কর্মসূচি আগামী ১২ মে পর্যন্ত চলবে। এ কর্মসূচির আওতায় প্রায় ৪ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৫৪০টি কেন্দ্রের মাধ্যমে এ টিকা প্রদান করা হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!