সরকারি কর্মকর্তাদের সততা শুধু অবৈধ অর্থ গ্রহণ থেকে বিরত থাকার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সময়ানুবর্তিতা, দায়িত্ববোধ ও জনগণের প্রতি জবাবদিহিতাও সততার অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে নরসিংদী জেলা থেকে ৪৫তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ‘সাপ্তাহিক সময় ও কথা’ ও ‘রিদম গ্রুপ’।
নবীন কর্মকর্তাদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি বা বেসরকারি—যে ক্ষেত্রেই দায়িত্ব পালন করা হোক না কেন, জনগণের কল্যাণ নিশ্চিত করাই হওয়া উচিত একজন কর্মকর্তার প্রধান দায়িত্ব। তিনি বলেন, পরিবার ও সমাজের অবদানের কারণেই তাঁরা এ পর্যায়ে পৌঁছেছেন। তাই সাধারণ মানুষের প্রতি তাঁদের দায়বদ্ধতা রয়েছে।
তিনি বলেন, প্রতিটি দায়িত্ব পালনের সময় নিজের ভেতরে জবাবদিহির অনুভূতি থাকতে হবে। জনগণের আস্থা অর্জনের জন্য সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার বিকল্প নেই।
নিজের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে সাখাওয়াত হোসেন বলেন, ব্যাংকিং খাতে কর্মরত অবস্থায় সকাল থেকে রাত পর্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করার যে সংস্কৃতি তিনি দেখেছেন, তা এখনো সমানভাবে প্রাসঙ্গিক। কাজের প্রতি এমন একাগ্রতাকেই তিনি প্রকৃত সততা হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে নরসিংদীর উন্নয়ন কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে জেলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, যা শিগগিরই ৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করবে। পাশাপাশি ঢাকা–সিলেট মহাসড়কের পাশে একটি ট্রমা সেন্টার চালুর কাজ চলছে। এ ছাড়া একটি ডায়াবেটিক হাসপাতাল ও মা–শিশু কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হয়েছে।
তিনি বলেন, পদ ও ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের জন্য রেখে যাওয়া কাজই স্থায়ী হয়ে থাকে। দায়িত্বে থাকা অবস্থায় দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার আহ্বান জানান তিনি।
নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!