সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল ও তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শন শেষে তিনি চিকিৎসক সংকট কাটিয়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানান।
রোববার প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে রান্নাঘর, ওয়াশরুম ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজখবর নেন। এরপর তিনি সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা এখনও কম। তাঁর দাবি, গত ১৭ বছরে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নিয়োগ হয়নি।
তিনি জানান, চিকিৎসাসেবা সম্প্রসারণের অংশ হিসেবে ৩১ ও ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টারের শয্যা সংখ্যা বাড়ানো হবে। যেসব হাসপাতালে এ সুবিধা নেই, সেখানে নতুন করে ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিজিওথেরাপি সুবিধা চালু এবং আধুনিক প্যাথলজি সেবা সম্প্রসারণের কাজ চলছে। পর্যায়ক্রমে এসব হাসপাতালেও ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে। এছাড়া খুব শিগগিরই ই-হেলথ কার্ড কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!