স্বাস্থ্য

স্বাস্থ্যসেবায় অনিয়ম-অবহেলা বরদাস্ত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট: আগ ০২, ২০২৬ : ০৫:২৬ এএম ২৩
স্বাস্থ্যসেবায় অনিয়ম-অবহেলা বরদাস্ত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, সরকারি স্বাস্থ্যসেবায় দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা সহ্য করা হবে না। প্রয়োজন হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত থেকে চাকরিচ্যুতিসহ কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল শনিবার শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানের পর জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। এ প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশকেই এর পরিণতি বহন করতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে।

স্বাস্থ্য খাতে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, এতদিন সরকার সংযম দেখিয়েছে, তবে এখন আর অনিয়মের বিষয়ে ছাড় দেওয়ার সুযোগ নেই। সরকারি স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের হাজিরা খাতা, বিভিন্ন দাপ্তরিক নথি, ওষুধের স্টোর, পরিচ্ছন্নতা এবং রোগী ভর্তি ওয়ার্ড ঘুরে দেখেন। তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গেও কথা বলেন এবং সেবার মান সম্পর্কে খোঁজ নেন।

পরে ভেদরগঞ্জের দুটি বেসরকারি প্রতিষ্ঠান—মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক এবং পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক পরিদর্শন করেন মন্ত্রী। বৈধ লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠান দুটি বন্ধ ঘোষণা করে সিলগালা করা হয়।

এ সময় শরীয়তপুরের সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!