দেশের স্বাস্থ্যব্যবস্থাকে বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে ঢেলে সাজাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও জনবল সংকট কাটিয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. এম এ মুহিত বলেন, রাজনৈতিক বক্তব্যের পরিবর্তে কার্যকর পরিকল্পনা ও বাস্তব উদ্যোগের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতের সমস্যার সমাধান করতে চায় সরকার। তিনি বলেন, দীর্ঘ প্রায় দুই দশকের অবহেলার কারণে স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে যে সংকট তৈরি হয়েছে, তা দূর করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।
প্রতিমন্ত্রী জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই স্বাস্থ্যসেবার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ কারণে চলতি বাজেটে স্বাস্থ্যখাতে দেশের ইতিহাসে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজের জনবল সংকটের কথা তুলে ধরে ড. এম এ মুহিত বলেন, প্রতিষ্ঠানটিতে প্রায় ৫০টি অধ্যাপক পদ এবং সহযোগী ও সহকারী অধ্যাপকের আরও প্রায় ১৫০টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এ পরিস্থিতি স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনারই প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় শিক্ষক ও শিক্ষার্থীরা চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে পৃথক আইন প্রণয়নসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। প্রতিমন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ানসহ শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!