স্বাস্থ্য

রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আপডেট: আগ ২০, ২০২৬ : ০৫:২২ এএম
রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অসুস্থ হওয়ার পর চিকিৎসার পেছনে ছুটে বেড়ানোর চেয়ে রোগ প্রতিরোধের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষায় সরকার বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে দেশব্যাপী ওরাল কলেরা টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। পরে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে টিকা খাইয়ে দিয়ে দেশজুড়ে এই কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

চিকিৎসার চেয়ে প্রতিরোধে গুরুত্ব

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হলে মানুষ সুস্থ থাকবে এবং স্বাস্থ্যব্যবস্থার ওপর রোগীর অতিরিক্ত চাপও কমবে।

তিনি বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে রোগ প্রতিরোধের মাধ্যমে মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। এ জন্য টিকাদানসহ বিভিন্ন প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।

বাড়ছে স্বাস্থ্য খাতে বরাদ্দ

দেশের স্বাস্থ্য খাতের পরিকল্পনা তুলে ধরে ড. এম এ মুহিত বলেন, এবারের বাজেটে দেশের ইতিহাসে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে।

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি উপজেলায় ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত করার কাজ এগিয়ে চলছে বলেও জানান তিনি।

টিকাদানকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান

কলেরা ও ডায়রিয়ার মতো পানিবাহিত রোগ প্রতিরোধে ওরাল কলেরা টিকার গুরুত্ব তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, এটি সহজে গ্রহণযোগ্য একটি মুখে খাওয়ার টিকা।

শহর থেকে প্রত্যন্ত গ্রাম, দুর্গম চরাঞ্চল ও পাহাড়ি এলাকার মানুষের কাছেও এই টিকা পৌঁছে দিতে হবে। এ জন্য সামাজিক সংগঠন ও স্থানীয় নেতাদের সম্পৃক্ত করে টিকাদান কর্মসূচিকে কার্যকর ‘সামাজিক আন্দোলনে’ রূপ দেওয়ার আহ্বান জানান তিনি।

নিরাপদ পানি ব্যবহারের ওপর জোর

আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. মুহিত বলেন, শুধু টিকা নিলেই কলেরা ও ডায়রিয়ার মতো পানিবাহিত রোগ থেকে পুরোপুরি সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। এসব রোগ প্রতিরোধে পান করা, রান্না ও দৈনন্দিন গৃহস্থালির কাজে শতভাগ নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহার এবং তা সঠিকভাবে সংরক্ষণ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!