দেশের সব মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও জীবনযাত্রার মানোন্নয়নের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ‘বৈজ্ঞানিক, লাইফস্টাইল ডেভেলপমেন্ট ও মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রোববার (৮ মার্চ) মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে বেসরকারি সংস্থা কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রস্তুতকৃত ম্যানুয়ালের ভিত্তিতে এই কার্যক্রম পরিচালিত হবে। উভয় প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে একদিনের প্রশিক্ষণ আয়োজন করা হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানরা কোয়ান্টাম ফাউন্ডেশনের নির্ধারিত প্রশিক্ষকদের সঙ্গে সময় নির্ধারণ করে প্রশিক্ষণের আয়োজন করবেন।
এছাড়া শিক্ষার্থীদের প্রশিক্ষণের সুফল দীর্ঘমেয়াদি করতে প্রতিটি প্রতিষ্ঠানে একটি ‘মনিটরিং পুল’ গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই পুলের প্রধান দায়িত্ব হবে শিক্ষার্থীদের দৈনিক অনুশীলন তদারকি করা। নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর পুনরায় এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
প্রশিক্ষণ কার্যক্রম সফল করতে স্থানীয় শিক্ষা কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটসের সহায়তা নেওয়া হবে। স্কুলে স্কাউট ও কলেজে রোভার স্কাউট সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেবেন। প্রয়োজনে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবককেও মানসিক স্বাস্থ্য ও অসংক্রামক রোগ প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণের আওতায় আনা যাবে।
মাউশি জানিয়েছে, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো কার্যক্রম বাস্তবায়নে কোনো সমস্যার সম্মুখীন হলে কোয়ান্টাম ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রশিক্ষণ কো-অর্ডিনেটরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজের প্রধানদের দ্রুত এই নির্দেশনা বাস্তবায়নের জন্য অনুরোধ করা হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!