ঢাকা–১৩ আসনের বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের জন্য আগামী এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে উন্মুক্ত টাউন হল আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শনিবার রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া ডি-ব্লক মাঠে ‘ঢাকা–১৩ আসনের ঐক্যবদ্ধ জনগণ’ ব্যানারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
ববি হাজ্জাজ বলেন, নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতি মাসে একটি করে উন্মুক্ত টাউন হল আয়োজন করা হবে, যেখানে এলাকার বাসিন্দারা সরাসরি এসে তাঁর কাছে বিভিন্ন সমস্যা, দাবি ও প্রস্তাব তুলে ধরতে পারবেন। তবে রমজান মাসের কারণে মার্চে এ আয়োজন করা সম্ভব হয়নি।
তিনি জানান, আগামী এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে সূচনা কমিউনিটি সেন্টারে এ টাউন হল অনুষ্ঠিত হবে। সেখানে সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বশীলদের উপস্থিতিতে এলাকার নাগরিকরা সরাসরি প্রশ্ন করতে পারবেন।
প্রতিমন্ত্রী বলেন, একসময় লালমাটিয়া ও বৃহত্তর মোহাম্মদপুর এলাকা শিক্ষিত ও মার্জিত মধ্যবিত্ত মানুষের আবাস হিসেবে পরিচিত ছিল। সেই পরিবেশ ও মর্যাদা ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, মোহাম্মদপুরের বিভিন্ন খালে বছরের পর বছর আবর্জনা জমে থাকায় বর্ষা মৌসুমে পানি উপচে পড়ে এবং অন্য সময় মশা ও দুর্গন্ধের সমস্যা সৃষ্টি হয়। সচেতনভাবে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এসব সমস্যা অনেকটাই কমানো সম্ভব।
রাতে অনেক সড়কে পর্যাপ্ত আলোর অভাবের কথাও উল্লেখ করেন তিনি। প্রতিমন্ত্রী এলাকাবাসীকে নিজ নিজ বাড়ির সামনে রাস্তার দিকে অন্তত দুটি করে লাইট লাগানোর আহ্বান জানান। এতে সড়ক আলোকিত হলে অপরাধ প্রবণতা কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পুলিশের সক্ষমতা বাড়ানোর বিষয়েও উদ্যোগের কথা জানান ববি হাজ্জাজ। তিনি বলেন, মোহাম্মদপুর ও আদাবর এলাকার পুলিশ সদস্যদের সহায়তার জন্য স্থানীয়ভাবে পুলিশ ও ফায়ার সার্ভিসের জন্য একটি সহায়তা তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে এলাকাবাসীকে স্বেচ্ছায় অনুদান দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!