শিক্ষা

মহল্লা থেকেই গণতন্ত্রের চর্চা শুরু করতে হবে: ববি হাজ্জাজ

আপডেট: এপ্রি ১২, ২০২৬ : ০৫:৩০ এএম
মহল্লা থেকেই গণতন্ত্রের চর্চা শুরু করতে হবে: ববি হাজ্জাজ

গণতন্ত্রের ভিত্তি তৃণমূল পর্যায়ে গড়ে ওঠে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, এলাকা ও মহল্লা থেকেই এর চর্চা শুরু হওয়া উচিত।

শনিবার রাজধানীর মোহাম্মদপুরে নাগরিক সেবা ও স্থানীয় সমস্যা নিয়ে আয়োজিত এক উন্মুক্ত টাউন হল সভায় তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্র শুধু জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়; বরং পাড়া-মহল্লায় জনগণ, জনপ্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমেই এর বাস্তব রূপ প্রতিষ্ঠিত হয়। এ ধরনের টাউন হল সভা সেই সুযোগ তৈরি করে।

তিনি জানান, প্রকৃত গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে ঢাকা-১৩ আসনে প্রতি মাসে নিয়মিত এ ধরনের উন্মুক্ত সভা আয়োজন করা হবে। জনগণের প্রত্যাশা পূরণ এবং কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ববি হাজ্জাজ বলেন, নির্বাচনের আগে এলাকাবাসীর সঙ্গে নিয়মিত মতবিনিময়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। রোজার কারণে তা শুরু করা না গেলেও এখন থেকে প্রতি মাসেই এই আয়োজন চালু থাকবে।

তিনি আরও বলেন, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে ঢাকা-১৩ আসনকে একটি মডেল এলাকায় পরিণত করা সম্ভব। এ লক্ষ্যে জনপ্রতিনিধি, সরকারি সংস্থা ও সাধারণ মানুষের মধ্যে নিয়মিত যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় ঢাকা-১৩ আসনের ৩১, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অংশ নেন। পাশাপাশি বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!