শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা নয়, খেলাধুলা, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমেও দক্ষ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার চাঁদপুরের কচুয়ার মনোহরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত শিক্ষক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে প্রাথমিক পর্যায় থেকেই খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে গুরুত্ব দেওয়া হবে। এ লক্ষ্যে চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে খেলাধুলা ও সংস্কৃতি বিষয় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ এবং কারিগরি শিক্ষা বিষয় চালুর পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের আনন্দমুখর পরিবেশে শেখার পাশাপাশি কর্মমুখী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নতুন প্রজন্মকে নৈতিক মূল্যবোধেও সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। পরিবার ও ধর্মীয় মূল্যবোধের চর্চার মাধ্যমে দায়িত্বশীল নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, কচুয়াকে শিক্ষাক্ষেত্রে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি সারা দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নেও এসব অভিজ্ঞতা কাজে লাগবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি খোরশেদ আলম মান্নানের সভাপতিত্বে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমানসহ স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!