শিক্ষা

এআই ব্যবহারে নৈতিকতা ও নীতিমালা জরুরি: চবি উপাচার্য

আপডেট: আগ ০৩, ২০২৬ : ০৫:৩১ এএম ১৩
এআই ব্যবহারে নৈতিকতা ও নীতিমালা জরুরি: চবি উপাচার্য

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বন্ধ করার সুযোগ নেই উল্লেখ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেছেন, এ প্রযুক্তির দায়িত্বশীল ও নৈতিক ব্যবহার নিশ্চিত করতে এখনই সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন প্রয়োজন।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘এআই ফর অল’ শীর্ষক ‘এআই নেভিগেটর প্রোগ্রাম-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে শিক্ষা, গবেষণা, প্রশাসন ও প্রযুক্তি খাতের বৈশ্বিক বাস্তবতা। উন্নত বিশ্বে এআইয়ের ব্যবহার দ্রুত বিস্তৃত হচ্ছে এবং ভবিষ্যতের উদ্ভাবন ও উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠছে। ফলে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জন্য এআই ব্যবহারের সীমা, নৈতিকতা ও গ্রহণযোগ্যতা নির্ধারণে একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন সময়ের দাবি।

তিনি বলেন, বিচারব্যবস্থা, চিকিৎসা, জলবায়ু পরিবর্তন গবেষণা, ট্রাফিক ব্যবস্থাপনা, সমুদ্র গবেষণা এবং তথ্য বিশ্লেষণসহ বিভিন্ন ক্ষেত্রে এআই নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। একই সঙ্গে একাডেমিক কর্মকাণ্ডেও প্রতিনিয়ত নতুন নতুন এআই টুল যুক্ত হচ্ছে। তাই প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি এর অপব্যবহার রোধেও কার্যকর দিকনির্দেশনা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, প্রযুক্তিনির্ভর এই পরিবর্তনের সময়ে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের পিছিয়ে থাকার সুযোগ নেই। এআই, কন্ট্রোল সিস্টেম ও রোবোটিক্সের সমন্বিত জ্ঞান ভবিষ্যতের উন্নয়ন ও উদ্ভাবনের অন্যতম ভিত্তি হবে বলে তিনি মন্তব্য করেন।

চবির অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর, ‘সেন্ড অ্যা লিটল হোপ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মুজাহিদুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া পদার্থবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দীন এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল হক কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা, গবেষণায় এর নৈতিক ব্যবহার এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য দেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!