শিক্ষা

ঢাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

আপডেট: আগ ২০, ২০২৬ : ০৫:০৯ এএম
ঢাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। বিভাগের চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত অধ্যাপক ড. জালিল রাহিমি জাহানাবাদি সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ ছাড়া কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং ঢাকাস্থ ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর মাহদি মৌলায়ী আরানি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান স্বাগত বক্তব্য দেন। নবীন শিক্ষার্থীদের পক্ষে মো. মুশফিকুর রহমান ও আতিকা রহমান এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মুসাররাত তাইয়েবা মুসকান ও পলাশ মাহমুদ তাঁদের অনুভূতি তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক তানজিনা বিনতে নূর।

ফারসি চর্চায় দুই দেশের সম্পর্ক আরও জোরদারের আহ্বান

নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সহশিক্ষামূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের যুক্ত হতে হবে। এর মাধ্যমে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

ফারসি ভাষা ও সাহিত্য চর্চার মাধ্যমে বাংলাদেশ ও ইরানের মধ্যকার সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ইরানের রাষ্ট্রদূত অধ্যাপক ড. জালিল রাহিমি জাহানাবাদি বলেন, ফারসি ভাষা ইসলামী সভ্যতা, ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ বাহন। এ ভাষার মাধ্যমে প্রাচীন ইতিহাস, সাহিত্য ও ঐতিহ্য সম্পর্কে জানা সম্ভব। দক্ষিণ এশিয়ার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গেও ফারসি ভাষার গভীর সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, ফারসি ভাষা বাংলাদেশ ও ইরানের সাংস্কৃতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। ফারসি ভাষার চর্চা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সাংস্কৃতিক বিনিময়কে আরও জোরদার করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ফারসি ভাষায় লিটল ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

অনুষ্ঠানে বাংলাদেশে প্রথম সম্পূর্ণ ফারসি ভাষায় প্রকাশিত লিটল ম্যাগাজিন ‘রোজনামচে’-এর ভ্রমণবিষয়ক সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। এটি ম্যাগাজিনটির দ্বিতীয় সংখ্যা।

৬১টি বিষয়ের ওপর প্রকাশিত ম্যাগাজিনটিতে রয়েছে ভ্রমণ, ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক নানা লেখা। এর অধিকাংশ লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের বর্তমান শিক্ষার্থী।

এ ছাড়া বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের বিভিন্ন দেশের ফারসি ভাষা ও সাহিত্যের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের লেখাও এতে স্থান পেয়েছে।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!