খেলাধুলা

রিয়ালকে উড়িয়ে সেমিতে বার্সেলোনা

আপডেট: এপ্রি ০৩, ২০২৬ : ০৫:৪৯ এএম
রিয়ালকে উড়িয়ে সেমিতে বার্সেলোনা

স্প্যানিশ নারী ফুটবলের ‘এল ক্লাসিকো’ আবারও একপেশে লড়াইয়ে পরিণত হলো। বার্সেলোনা উইমেন দুই লেগ মিলিয়ে ১২–২ ব্যবধানে হারিয়ে রিয়াল মাদ্রিদ উইমেন–কে বিদায় করে উঠেছে উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে।

কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বৃহস্পতিবার ক্যাম্প ন্যুতে ৬–০ গোলের বড় জয় পায় বার্সেলোনা। ম্যাচে জোড়া গোল করেন ক্যারোলাইন গ্রাহাম হ্যানসেন। একটি করে গোল করেন অ্যালেক্সিয়া পুতেয়াস, আইরিন পারেদেস, ইভা পাজোর ও ইসমি ব্রুগট।

এর আগে প্রথম লেগে ৬–২ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় লেগেও বড় জয় নিশ্চিত করে কাতালানরা। ফলে দুই লেগ মিলিয়ে ১২–২ ব্যবধানে এগিয়ে থেকে অনায়াসেই শেষ চারে জায়গা করে নেয় তারা।

ম্যাচটি ছিল পুতেয়াসের জন্য বিশেষ। ক্যারিয়ারের ৫০০তম ম্যাচ খেলতে নেমে বার্সেলোনার হয়ে নিজের ২৩০তম গোলটি করেন তিনি। একই সঙ্গে নারী চ্যাম্পিয়ন্স লিগে ৩০ গোল করে প্রথম স্প্যানিশ ফুটবলার হিসেবে নতুন মাইলফলক গড়েন এই তারকা।

দুই দলের পরিসংখ্যানও বার্সেলোনার আধিপত্যই তুলে ধরে। ২৫ ম্যাচের মধ্যে ২৪টিতেই জয় পেয়েছে বার্সা। গত এক সপ্তাহেই তিনবার মুখোমুখি হয়ে সবগুলোতেই জিতে মোট ১৫–২ গোলের ব্যবধানে এগিয়ে তারা।

এই জয়ে টানা অষ্টমবারের মতো নারী চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে বার্সেলোনা। শেষ চারে তাদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ উইমেন।

এদিকে, ক্যাম্প ন্যুতে প্রায় ৬০ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচটি নারী ফুটবলে আরেকটি বড় দর্শকসমাগমের রেকর্ডও গড়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!