খেলাধুলা

“আমি যন্ত্র নই” বললেন মোহাম্মদ শামি

আপডেট: এপ্রি ০৬, ২০২৬ : ০৬:২২ এএম
“আমি যন্ত্র নই” বললেন মোহাম্মদ শামি

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা সত্ত্বেও দীর্ঘদিন ধরে ভারতীয় দলে ডাক পাচ্ছেন না পেসার মোহাম্মদ শামি। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লখনৌয়ের জয়ের পর শামি ক্ষোভ উগরে দিয়েছেন। নাম না করে নির্বাচক ও কোচদের নিশানায় নিয়ে তিনি বলেছেন, “আমি যন্ত্র নই। লোকে যদি আমার পারফরম্যান্স না দেখে, তবে তার জন্য আমি কিছু করতে পারি না।”

রবিবার হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ৪ ওভারে ৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন শামি। আউট করেছেন ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মাকে। ম্যাচের পর তিনি বলেছেন, “খেলতে চাইলে খেলাটার কাছাকাছি থাকা দরকার। ফিট থাকতে হলে দক্ষতা কাজে লাগানো যায়। তাই ঘরোয়া ক্রিকেটের সব ম্যাচ খেলার চেষ্টা করেছি।”

চোট সারানোর পর গত বছর আইপিএলে হায়দরাবাদের হয়ে ভালো করতে পারেননি শামি। ৯ ম্যাচে মাত্র ৬ উইকেট নিয়েছিলেন, প্রতি ওভারে ১১.২৩ রান দিয়ে। এবার ভালো ফর্মে থাকা শামি বলেন, “আমি যন্ত্র নই। মৌসুমে উত্থান-পতন থাকবে। কয়েক বছর ধরে ভালো খেলছি, লোকে সেটা দেখেনি—এটি আলাদা বিষয়। তবে আমি সবসময় ভালো খেলতে চাই।”

শামি লখনৌ দলের বোলিং কোচ ভরত অরুণকে কৃতিত্ব দিয়েছেন। বলেছেন, “ভরত ভাইয়ের সঙ্গে আগে ভারতীয় দলে কাজ করেছি। আমাদের বন্ধন ভালো, একে অপরকে ভালো বুঝি। লখনৌয়ের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগেনি, এটা আমার দ্বিতীয় বাড়ি।”

তিনি নিজের পরিশ্রম এবং দক্ষতার ওপর ভরসা রাখেন। শামির ভাষ্য, “আমি শুধু পরিশ্রম করি। বাকিটা উপরওয়ালা দেখবেন। আইপিএল হোক বা অন্য মঞ্চ, দক্ষতা নিয়ে পরিশ্রম করতে হবে। নতুন ও পুরনো বলের শক্তি কাজে লাগানোটা গুরুত্বপূর্ণ। দলের কাজে কীভাবে ব্যবহার করা যায়, সেটা ভাবি।”

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!