খেলাধুলা

রেকর্ড গড়া ইনিংসে শীর্ষে সূর্যবংশী

আপডেট: এপ্রি ১১, ২০২৬ : ০৫:২৪ এএম
রেকর্ড গড়া ইনিংসে শীর্ষে সূর্যবংশী

ঝড়ো ব্যাটিংয়ে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাতিয়ে দিচ্ছেন কিশোর ব্যাটার বৈভব সূর্যবংশী। সর্বশেষ ম্যাচে আরেকটি বিধ্বংসী ইনিংস খেলে এবার টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় উঠে এসেছেন তিনি।

গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে গতকাল রাতে রাজস্থান রয়্যালস মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-এর। আগে ব্যাট করে বেঙ্গালুরু ২০ ওভারে ৮ উইকেটে ২০১ রান তোলে। বিরাট কোহলি করেন ৩২, আর অধিনায়ক রজত পাতিদার ৬৩ রান করেন। এছাড়া ভেঙ্কটেশ আইয়ার ও রোমারিও শেফার্ড ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই যশস্বী জয়সওয়াল দ্রুত ফিরলেও সূর্যবংশী ও ধ্রুব জুরেল দলের হাল ধরেন। দুজন মিলে ১০৮ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই ১ উইকেটে ৯৭ রান তোলে রাজস্থান, যা আইপিএলে দলটির সর্বোচ্চ।

মাত্র ১৫ বলে ফিফটি পূর্ণ করেন সূর্যবংশী। চলতি আসরে এটি তার দ্বিতীয় ১৫ বলে হাফসেঞ্চুরি—যা একটি বিরল রেকর্ড। শেষ পর্যন্ত ২৬ বলে ৭৮ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৮টি চার ও ৭টি ছক্কা।

অন্যদিকে জুরেল ৪৩ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন। মাঝখানে রিয়ান পরাগ ও শিমরন হেটমায়ার দ্রুত আউট হলেও জয় পেতে সমস্যা হয়নি রাজস্থানের। ২ ওভার বাকি থাকতে ৬ উইকেটের জয় তুলে নেয় তারা।

চলতি আসরে চার ম্যাচে সূর্যবংশীর রান ২০০, গড় ৫০ এবং স্ট্রাইকরেট ২৬৬—যা তাকে সর্বোচ্চ রানসংগ্রাহকের আসনে বসিয়েছে। তার পরেই আছেন সতীর্থ জয়সওয়াল (১৮৩) ও জুরেল (১৭৬)।

এদিকে বল হাতে রাজস্থানের রবি বিষ্ণয় ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে রয়েছেন।

চার ম্যাচের সবগুলো জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রাজস্থান। অন্যদিকে একটি হার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!