খেলাধুলা

রিয়াল মাদ্রিদের কোচিং তালিকায় বিশ্বকাপজয়ী দিদিয়ের দেশম

আপডেট: এপ্রি ১১, ২০২৬ : ০৫:২৭ এএম
রিয়াল মাদ্রিদের কোচিং তালিকায় বিশ্বকাপজয়ী দিদিয়ের দেশম

আগামী মৌসুমকে সামনে রেখে কোচিং পরিকল্পনা সাজাচ্ছে রিয়াল মাদ্রিদ। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য কোচদের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশম-এর নামও।

প্রতিবেদনে বলা হয়, দিদিয়ের দেশম ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপ শেষে তিনি ফ্রান্স জাতীয় ফুটবল দল-এর দায়িত্ব ছাড়বেন। এই সুযোগকে কাজে লাগিয়ে তাকে দলে টানার পরিকল্পনা করছে ইউরোপের অন্যতম সফল ক্লাবটি।

বর্তমান কোচ আলভারো আরবেলোয়া চাপে রয়েছেন বলে জানা গেছে। চলতি মৌসুমে একের পর এক শিরোপা হাতছাড়া হয়েছে রিয়ালের। লা লিগা ও কোপা দেল রে থেকে ছিটকে যাওয়ার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও অনিশ্চয়তার মধ্যে রয়েছে দলটি।

এ অবস্থায় নতুন মৌসুমে কোচিং পরিবর্তনের সম্ভাবনা জোরালো হচ্ছে বলে জানিয়েছে ইউরোপীয় গণমাধ্যম। রিয়ালের পরিকল্পনায় দেশমকে অভিজ্ঞ ও সফল বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।

২০১৮ বিশ্বকাপে ফ্রান্সকে শিরোপা জেতানোর পাশাপাশি ২০২২ আসরে দলকে ফাইনালে তোলেন দেশম। ক্লাব ও জাতীয় দল—দুই পর্যায়েই তার অভিজ্ঞতাকে গুরুত্বপূর্ণ মনে করছে মাদ্রিদ ক্লাব। বিশেষ করে কিলিয়ান এমবাপে ও অরেলিয়েন শুয়ামেনি-এর মতো খেলোয়াড়দের সঙ্গে তার পূর্বসম্পর্কও বিবেচনায় রাখা হচ্ছে।

তবে এখনো ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত নেননি দেশম। আপাতত তার পুরো মনোযোগ ফ্রান্সের দায়িত্ব পালনে। ইউরোপের একাধিক ক্লাবের প্রস্তাব পেলেও বিশ্বকাপের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!