খেলাধুলা

ডোপ পরীক্ষায় পজিটিভ, পাকিস্তানের নওয়াজের এক মাসের নিষেধাজ্ঞা

আপডেট: জুলা ১৮, ২০২৬ : ০৫:৪৩ এএম ১৫
ডোপ পরীক্ষায় পজিটিভ, পাকিস্তানের নওয়াজের এক মাসের নিষেধাজ্ঞা

ডোপ পরীক্ষায় নিষিদ্ধ উপাদানের উপস্থিতি ধরা পড়ায় পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেওয়ার শর্তে তাঁর নিষেধাজ্ঞার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করা হয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে আইসিসি জানায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে টি–টোয়েন্টি বিশ্বকাপে কলম্বোতে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পর নেওয়া ডোপ পরীক্ষায় নওয়াজের নমুনায় কার্বক্সি-টিএইচসি (Carboxy-THC) পাওয়া যায়। আইসিসির অ্যান্টি-ডোপিং বিধিমালা অনুযায়ী এটি ‘অপব্যবহারযোগ্য পদার্থ’ (Substance of Abuse) হিসেবে বিবেচিত।

আইসিসি জানিয়েছে, নওয়াজ নিয়ম লঙ্ঘনের বিষয়টি স্বীকার করেছেন। একই সঙ্গে তিনি প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে, টুর্নামেন্ট চলাকালে তিনি এ পদার্থ গ্রহণ করেননি এবং এটি তাঁর খেলার পারফরম্যান্স বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত ছিল না।

এ কারণে তাঁর তিন মাসের নিষেধাজ্ঞা কমিয়ে এক মাস করা হয়েছে। শাস্তির মেয়াদ ১ মে ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে। আইসিসি-অনুমোদিত মাদকাসক্তি নিরাময় কর্মসূচি সফলভাবে সম্পন্ন করলে তাঁকে আর অতিরিক্ত নিষেধাজ্ঞা ভোগ করতে হবে না।

আইসিসি আরও জানিয়েছে, নওয়াজ ইতোমধ্যে প্রায় আড়াই মাসের অস্থায়ী নিষেধাজ্ঞা পালন করেছেন। ফলে পুনর্বাসন কর্মসূচি সম্পন্নের পর তাঁর ওপর আর কোনো নিষেধাজ্ঞা কার্যকর থাকবে না।

ডোপিং বিধিমালা অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পর থেকে ১ মে পর্যন্ত নওয়াজ যেসব ম্যাচ খেলেছেন, সেসব ম্যাচে তাঁর ব্যক্তিগত পারফরম্যান্সের রেকর্ড বাতিল করা হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!