রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়েছে। মামলায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আজ।
সোমবার সকাল পৌনে আটটার দিকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাঁদের আদালতে আনা হয়। সোহেল রানাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় এবং স্বপ্না আক্তারকে নারী হাজতখানায় রাখা হয়েছে।
মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রিপন মোল্লা বলেন, আসামিদের আদালত প্রাঙ্গণে আনা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তাঁদের শুনানির জন্য ট্রাইব্যুনালে তোলা হবে।
আদালত সূত্র জানায়, গত ২৪ মে ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে ১ জুন অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান সোহেল রানা ও স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারের জন্য সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে পাঠান।
মামলার নথি অনুযায়ী, রামিসা পল্লবীর একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১৯ মে সকালে সে নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর স্বপ্না আক্তারকে হেফাজতে নেয় পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
পরদিন রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা পল্লবী থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত চলাকালে সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। আজ অভিযোগ গঠনের বিষয়ে আদালতের সিদ্ধান্ত হতে পারে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!