হাইকোর্টে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলার জট কমাতে নেওয়া বিশেষ উদ্যোগে মাত্র চার কার্যদিবসে ২০ হাজার ৭৪০টি পুরোনো মামলা নিষ্পত্তি হয়েছে। সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী, গত মে ও জুন মাসে নির্ধারিত বিশেষ কার্যক্রমের আওতায় এসব মামলা নিষ্পত্তি করা হয়।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নির্দেশনায় গত ৭ মে থেকে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরোনো ক্রিমিনাল মিস ও রিট মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হয়। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলা জট কমানো এবং বিচারব্যবস্থার কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের দেওয়া তথ্য অনুযায়ী, ৭ মে ৩ হাজার ২৪৭টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১ হাজার ৭৬৫টি পুরোনো রিট মামলা নিষ্পত্তি হয়। ১৪ মে নিষ্পত্তি হয় ৩ হাজার ৮৪২টি ক্রিমিনাল মিস ও ৩ হাজার ২৬২টি রিট মামলা।
এরপর ১১ জুন হাইকোর্টের ১৪টি ক্রিমিনাল মোশন বেঞ্চে ৬ হাজার ১৯৯টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়। সর্বশেষ ১৮ জুন ১ হাজার ৮৮৪টি ক্রিমিনাল মিস ও ৫৪১টি রিট মামলা নিষ্পত্তি হয়েছে।
সব মিলিয়ে চার কার্যদিবসে ১৫ হাজার ১৭২টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ৫ হাজার ৫৬৮টি পুরোনো রিট মামলা নিষ্পত্তি হয়েছে। মোট নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৭৪০।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, পুরোনো মামলা নিষ্পত্তিতে প্রধান বিচারপতির উদ্যোগ প্রশংসনীয়। এই কার্যক্রম অব্যাহত থাকলে মামলা জট কমাতে ইতিবাচক প্রভাব পড়বে। তিনি জানান, মামলা দ্রুত নিষ্পত্তির জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সুপ্রিম কোর্টের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, মামলা জট নিরসনে বিভিন্ন প্রস্তাব প্রধান বিচারপতির কাছে তুলে ধরা হয়েছে। পাশাপাশি দ্রুত নিষ্পত্তিযোগ্য প্রায় ১ হাজার ৪০০ মামলার একটি তালিকাও সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দীর্ঘদিন ধরে বিচারপ্রক্রিয়ায় ঝুলে থাকা মামলাগুলোর নিষ্পত্তি বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানোর পাশাপাশি আদালতের ওপর চাপও কমাতে সহায়ক হবে। বিশেষ উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকলে উচ্চ আদালতে মামলার জট উল্লেখযোগ্য হারে কমে আসতে পারে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!