ধর্ম

রিয়াদে হামলায় নিহত ওমরাহযাত্রীর পরিবারের পাশে ধর্মমন্ত্রী

আপডেট: অক্টো ২২, ২০২৬ : ০৫:০৮ এএম ১ ০
রিয়াদে হামলায় নিহত ওমরাহযাত্রীর পরিবারের পাশে ধর্মমন্ত্রী

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি ওমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরির পরিবারের পাশে দাঁড়িয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। এ ছাড়া পরিবারের স্থায়ী আবাসন ও সন্তানদের শিক্ষার দায়িত্ব পালনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার শিকার হয় বাংলাদেশ থেকে যাওয়া ৪৫ সদস্যের একটি ওমরাহ কাফেলা। এতে বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি নিহত হন বাংলাদেশের মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি (৪৫)। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুরের বাসিন্দা এবং ওই কাফেলার দলনেতা ছিলেন। এ ঘটনায় কাফেলার আরও কয়েকজন যাত্রী আহত হন।

হামলার খবর পাওয়ার পরপরই ধর্মমন্ত্রী ওমরাহ কাফেলার সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। সৌদি আরবে কর্মরত বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে আহত ব্যক্তিদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগ নেন তিনি। সে সময় সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকলেও সার্বক্ষণিকভাবে তাঁদের খোঁজখবর নেন মন্ত্রী।

হামলায় যাত্রীদের লাগেজ হারিয়ে গেলে তাঁদের খাবার ও নতুন পোশাকের ব্যবস্থা করা হয়। পাশাপাশি দেশে ফেরার টিকিট নিশ্চিত করা এবং নিরাপদ প্রত্যাবাসনের বিষয়েও সরকারের পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত রাখা হয়।

নিহতের পরিবারের জন্য সহায়তা

গত ১৩ অক্টোবর ধর্মমন্ত্রীর পক্ষ থেকে মাওলানা ইয়াকুব ওসমানীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল নাঙ্গলকোটের বদরপুরে নিহত নাসরুল্লাহর বাড়িতে যায়। সেখানে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এ সময় শহীদের মরদেহ দাফন, পরিবারের স্থায়ী আবাসন এবং সন্তানদের শিক্ষার দায়িত্ব পালনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

পরিবারের সঙ্গে ফোনালাপে ধর্মমন্ত্রী নাসরুল্লাহর মরদেহ জান্নাতুল বাকিতে দাফন অথবা দেশে ফিরিয়ে আনার বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

দেশে ফিরেছেন ৩৩ ওমরাহযাত্রী

এদিকে হামলার শিকার ৪৫ সদস্যের ওমরাহ কাফেলার ৩৩ জন সদস্য মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

ধর্মমন্ত্রীর নির্দেশনায় তাঁর একান্ত সচিব ছাদেক আহমদ, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ পরিচালক মো. লোকমান হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে দেশে ফেরা যাত্রীদের অভ্যর্থনা জানান।

এ সময় ধর্মমন্ত্রীর একান্ত সচিব ছাদেক আহমদ সাংবাদিকদের বলেন, সৌদি আরবে আটকে পড়া ওমরাহযাত্রীদের অভ্যর্থনা জানাতে মন্ত্রীর নির্দেশনায় তাঁরা বিমানবন্দরে এসেছেন। ধর্মমন্ত্রী ব্যক্তিগতভাবে দেশে ফেরা যাত্রীদের নৈশভোজের ব্যবস্থা করেছেন। তাঁদের নিজ নিজ মাদ্রাসা ও বাসায় পৌঁছে দিতে পরিবহনের ব্যবস্থাও করা হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবেন ধর্মমন্ত্রী। প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে করণীয় নির্ধারণ করা হবে।

দেশে ফেরা ওমরাহযাত্রীরা বিপদের সময়ে পাশে দাঁড়ানো এবং সার্বিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও ধর্মমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সৌদি আরবে অবস্থানকালে চিকিৎসা, আবাসন ও অন্যান্য সহায়তা দেওয়ায় সৌদি সরকারের প্রতিও ধন্যবাদ জানান তাঁরা।

বিমানবন্দরে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের মহাসচিব আকরাম হোসাইন, জামেয়া আরাবিয়া রবিউল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ফয়জুল্লাহ, জাতীয় ইমাম পরিষদের নেতারা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!