অর্থনীতি

একদিন পর আবার বাড়ল সোনার দাম

আপডেট: মে ০৬, ২০২৬ : ০৫:০২ এএম ২৩
একদিন পর আবার বাড়ল সোনার দাম

কমানোর একদিন পরই আবার দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২৫৮ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

এতে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। মঙ্গলবার (৫ মে) এই মানের সোনার দাম ছিল ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা।

বুধবার সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বাড়ায় স্থানীয় বাজারেও নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী—

* ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা
* ১৮ ক্যারেট সোনার প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা
* সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৬৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের তথ্যমতে, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপার দামে অস্থিরতা দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবেও মূল্য ওঠানামা করছে।

আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডটওআরজির তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম প্রায় ৪ হাজার ৬৫০ ডলারে রয়েছে। জানুয়ারির শেষদিকে এ দাম ৫ হাজার ৫০০ ডলারের বেশি উঠেছিল।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!