অর্থনীতি

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল, লিটার ২০৪ টাকা

আপডেট: সেপ্টে ০৩, ২০২৬ : ০৫:২৯ এএম ৫১ ০
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল, লিটার ২০৪ টাকা

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি ও আমদানি ব্যয় বিবেচনায় বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এত দিন এই দাম ছিল ১৯৯ টাকা।

তবে খোলা সয়াবিন তেল ও পাম তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খান সাংবাদিকদের এ তথ্য জানান।

বাণিজ্যসচিব বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় আমদানিকারকেরা দাম সমন্বয়ের আবেদন করেছিলেন। বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সরকার সীমিত পরিসরে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

ব্যবসায়ীরা আরও দাম বাড়াতে চেয়েছিলেন

মো. আতাউর রহমান খান বলেন, ব্যবসায়ীরা সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনও (বিটিটিসি) প্রতি লিটারে ১০ টাকা দাম বাড়ানোর সুপারিশ করেছিল।

তবে ভোক্তাদের স্বার্থ ও সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনায় সরকার প্রতি লিটারে ৫ টাকা দাম বাড়িয়েছে বলে জানান তিনি।

বাণিজ্যসচিব বলেন, বর্তমানে দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কোনো সংকট নেই। বাজার স্থিতিশীল রাখতে সরকার নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

রমজানের আগে আবার দাম বাড়বে?

রমজানের আগে ভোজ্যতেলের দাম আবার বাড়বে কি না—এমন প্রশ্নের জবাবে বাণিজ্যসচিব বলেন, সে সময়ের আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় ও সরবরাহ ব্যবস্থার ওপর বিষয়টি নির্ভর করবে।

দাম সমন্বয়ের ফলে মূল্যস্ফীতিতে কী ধরনের প্রভাব পড়তে পারে, জানতে চাইলে তিনি বলেন, সরকার এখন পর্যন্ত মূল্যস্ফীতির ক্ষেত্রে এ বিষয়ে কোনো কারণ দেখছে না। সামগ্রিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে।

আন্তর্জাতিক বাজার ও আমদানি ব্যয়ের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে সীমিত পরিসরে সয়াবিন তেলের দাম সমন্বয় করা হয়েছে বলেও জানান বাণিজ্যসচিব।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!