বিনোদন

‘কোনো নারীই ট্রফি হতে চায় না’: প্রীতি জিনতা

আপডেট: এপ্রি ২৮, ২০২৬ : ০৫:৫৬ এএম ৪৯
‘কোনো নারীই ট্রফি হতে চায় না’: প্রীতি জিনতা

“কোনো নারীই ট্রফি হতে চায় না”—সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা এক মন্তব্যের জবাবে এমনই দৃঢ় অবস্থান জানালেন বলিউড অভিনেত্রী ও পাঞ্জাব কিংসের সহমালিক প্রীতি জিনতা।

সম্প্রতি এক্সে (সাবেক টুইটার) ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রীতি জিনতা। সেখানে এক নেটিজেন তাকে পাঞ্জাব কিংসের ‘ট্রফি’ হিসেবে উল্লেখ করলে বিষয়টি নিয়ে সরাসরি প্রতিক্রিয়া জানান তিনি।

প্রীতি লেখেন, “ধন্যবাদ, এটা হয়তো খুব মিষ্টি কথা, কিন্তু সত্যি বলতে গেলে কোনো নারীই ট্রফি হতে চায় না। ট্রফি কেনা যায়, নারীদের নয়। ট্রফি রাখা হয় কাঁচের আলমারিতে। একজন নারীর জায়গা কাঁচের আলমারিতে নয়, বরং আপনার জীবনে এবং হৃদয়ে।”

তার এই মন্তব্য প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। অনেকেই তার অবস্থানকে স্বাগত জানিয়ে নারীর মর্যাদা ও সম্মান নিয়ে তার বক্তব্যকে সময়োপযোগী বলে মন্তব্য করেন।

একই প্রশ্নোত্তর পর্বে প্রীতি তার আসন্ন সিনেমা নিয়েও কথা বলেন। তিনি জানান, দীর্ঘ বিরতির পর রাজকুমার সন্তোষী পরিচালিত ও সানি দেওল অভিনীত ‘লাহোর ১৯৪৭’ ছবিতে কাজ করতে পেরে তিনি উচ্ছ্বসিত।

তিনি আরও বলেন, হালকা মেজাজের আরেকটি ছবি ‘ভাইব’-এ কাজ করে তিনি ভিন্ন অভিজ্ঞতা পেয়েছেন।

নারীর সম্মান ও সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রীতির এই বক্তব্য বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনদের মতে, তার এই অবস্থান বিনোদন জগতের বাইরেও একটি সামাজিক বার্তা বহন করছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!