নারীপ্রধান ও বাস্তবধর্মী গল্পের সিনেমায় নিজের আলাদা জায়গা তৈরি করেছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। ‘পিঙ্ক’, ‘মূল্ক’, ‘থাপ্পড়’সহ একাধিক সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে হিন্দি সিনেমার গল্প ও নির্মাণের ধরন নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়েছেন এই অভিনেত্রী।
বর্তমানে নতুন সিনেমা ‘গান্ধারী’র প্রচারণা নিয়ে ব্যস্ত তাপসী। এরই মধ্যে এক সাক্ষাৎকারে বলিউডের সাম্প্রতিক পরিবর্তন নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, পর্দায় অতিরিক্ত সহিংসতার প্রবণতা দেখে মাঝে মাঝে অভিনয় থেকে অবসর নেওয়ার কথাও ভাবেন।
তাপসী বলেন, সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া সিনেমাগুলো দেখে পরিবারের সঙ্গে আড্ডায় তিনি একসময় বলেছিলেন, ‘আমার কি তবে অবসর নেওয়ার সময় হয়ে এলো?’
অভিনেত্রীর ভাষ্য, নির্দিষ্ট ধারার অতিরঞ্জিত সহিংস সিনেমার প্রবণতা তাঁকে ভাবিয়ে তুলছে। এ ধরনের সিনেমার বড় দর্শকশ্রেণি থাকলেও তিনি অন্ধভাবে পেশার প্রতি ভালোবাসা থেকে যেকোনো ধরনের কাজে যুক্ত হতে চান না।
নিজের নীতিতে অটল তাপসী
দর্শকের পছন্দ কিংবা সময়ের ট্রেন্ডের সঙ্গে তাল মেলাতে গিয়ে নিজের নীতির সঙ্গে আপস করতে চান না তাপসী। দীর্ঘ ক্যারিয়ারে তিনি যে ধরনের সিনেমা ও চরিত্রে অভিনয় করেছেন, ভবিষ্যতে সেটিই তাঁর পরিচয়ের অংশ হয়ে থাকবে বলে মনে করেন।
নিজের কাজের ধারা ও ভাবমূর্তি ধরে রাখার বিষয়ে দৃঢ় অবস্থান জানিয়ে তাপসী বলেন, সময়ের সঙ্গে চলচ্চিত্রের ধারা বা ঘরানা বদলে যেতে পারে, কিন্তু একজন শিল্পীর ফিল্মোগ্রাফি একই থেকে যায়।
তাঁর ভাষায়, ‘আজ থেকে ১০ বছর পর যখন কেউ আমার অভিনীত চলচ্চিত্রগুলো ফিরে দেখবে, তখন যেন আমি কিংবা আমার আপনজনদের লজ্জায় পড়তে না হয়। সময়ের হাওয়ায় ভেসে যাওয়ার চেয়ে নিজের সিনেমার মানকে ধরে রাখাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।’
৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘গান্ধারী’
তাপসীর নতুন সিনেমা ‘গান্ধারী’ নির্মাণ করেছেন দেবাশীষ মাখিজা। কানিকা ধিলনের রচনা ও প্রযোজনায় নির্মিত সিনেমাটির গল্পের পটভূমি জয়পুরের কাল্পনিক এক জগৎ।
থ্রিলারধর্মী এই সিনেমায় একজন অন্ধ মায়ের অদৃশ্য সত্যের সন্ধান ও সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। তাপসী পান্নুর সঙ্গে এতে অভিনয় করেছেন ইশওয়াক সিং, জতিন শর্মা, স্বস্তিকা মুখার্জি, মিতা বশিষ্ঠ ও ছায়া কদম।
আজ ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘গান্ধারী’।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!