বিনোদন

চট্টগ্রাম থেকে বিমানে শিউলি ফুল পাঠালেন একজন, জানালেন পরীমনি

আপডেট: অক্টো ২৫, ২০২৬ : ০৫:৪২ এএম ১ ০
চট্টগ্রাম থেকে বিমানে শিউলি ফুল পাঠালেন একজন, জানালেন পরীমনি

জন্মদিনের আয়োজন শিউলি ফুলে সাজাতে চেয়েছিলেন অভিনেত্রী পরীমনি। সেই ইচ্ছার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাসও দিয়েছিলেন তিনি। তাঁর সেই আহ্বানে সাড়া দিয়ে একজন চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছেন। তবে ফুলের স্বল্পস্থায়িত্বের কারণে ইচ্ছেমতো পুরো আয়োজন সাজানো সম্ভব হয়নি।

শনিবার (২৪ অক্টোবর) ছিল পরীমনির জন্মদিন। প্রতি বছরের মতো এবারও সন্ধ্যায় কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে জমকালো আয়োজনে বিশেষ দিনটি উদযাপন করেন তিনি।

এবারের জন্মদিনের আয়োজনের মূল ভাবনা ছিল শিউলি ফুল। অনুষ্ঠানের ভেন্যুর সিঁড়িতে বিছিয়ে রাখা হয়েছিল শিউলি ফুল। এমনকি পরীমনির পরনের শাড়িতেও ছিল শিউলি ফুলের নকশা।

শিউলি ফুলের বাগান করতে চেয়েছিলেন পরী

জন্মদিনের সাজসজ্জা ও শিউলি ফুলের ভাবনা নিয়ে পরীমনি বলেন, অক্টোবরের ফুল হিসেবে তাঁর মাথায় প্রথমেই এসেছিল শিউলির কথা। তাই এবার জন্মদিনের পুরো আয়োজন এই ফুলের ভাবনায় সাজাতে চেয়েছিলেন তিনি।

পরীমনি বলেন, ‘শিউলি ফুলের কথা মাথায় রেখেই এটা করেছি। ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম, কেউ আমাকে অনেকগুলো শিউলি ফুল এনে দাও। কিন্তু এটা আসলে সম্ভবও না। এই ফুল চার-পাঁচ ঘণ্টাও ঠিক রাখা যায় না।’

চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠানোর বিষয়টি উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘একজন আমাকে চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে শিউলি ফুল পাঠিয়েছে। সেই ফুলও পুরোপুরি ব্যবহার করতে পারিনি। ভেতরে ঢোকার সময় সিঁড়িতে নিশ্চয়ই দেখেছেন শিউলি ফুল বিছিয়ে রাখা আছে। আমি চেয়েছিলাম পুরোটাই শিউলি ফুলের বাগান করে ফেলতে। কিন্তু সেটা তো সম্ভব না। তাই নিজেই একটু শিউলি ফুলের মতো সাজলাম।’

ভক্তদের ভালোবাসায় কৃতজ্ঞ পরীমনি

জন্মদিনে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও কাছের মানুষের ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরীমনি। তিনি জানান, শুরু থেকেই মানুষ যেভাবে তাঁকে ভালোবেসেছেন, পাশে থেকেছেন ও আশীর্বাদ করেছেন, তার জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞ।

অভিনেত্রী বলেন, ‘আমি সবার প্রতি কৃতজ্ঞ। শুরু থেকেই সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, পাশে থেকেছেন, আশীর্বাদ করেছেন; সবকিছু ছাপিয়ে আমাকে ভালোবেসেছেন, সেই ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। এর বিপরীতে আমি সুন্দর সুন্দর কাজ ছাড়া আর কিছুই দিতে পারব না। সেটাই যেন করতে পারি, দোয়া করবেন।’

পরীমনিকে সর্বশেষ দেখা গেছে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এ। এতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!