বিনোদন

‘তাদের টার্গেটটা মিস হয়ে গেছে’, গাড়িতে গুলির ঘটনা নিয়ে আসিফ আকবর

আপডেট: অক্টো ২৫, ২০২৬ : ০৬:০৩ এএম ১ ০
‘তাদের টার্গেটটা মিস হয়ে গেছে’, গাড়িতে গুলির ঘটনা নিয়ে আসিফ আকবর

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে এ ঘটনা ঘটে। ঘটনার সময় নিজের অফিসে ছিলেন আসিফ। তবে ছেলের সঙ্গে কথা বলতে গিয়ে কিছুটা দেরি করায় তিনি গাড়ির কাছে ছিলেন না।

কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। শনিবার বিকেলে ঘটনাটি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আসিফ আকবর। তিনি জানান, শারীরিকভাবে সুস্থ আছেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর বাসায় গিয়ে কথা বলেছেন বলেও জানান এই সংগীতশিল্পী।

আসিফ বলেন, ‘বিকেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমার বাসায় এসেছিলেন। তারা কথা বলেছেন এবং বিষয়টির তদন্ত করছেন।’

‘আমি তো কাউকে সন্দেহ করতে পারছি না’

ঘটনার সময়ের বর্ণনা দিয়ে আসিফ আকবর জানান, তিনি অফিসে বসে ছিলেন এবং বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে ছেলের সঙ্গে কথা বলার জন্য কিছুটা দেরি হয়। এর মধ্যেই তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়।

কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কাউকে সন্দেহ করছেন না বলে জানান আসিফ। তাঁর ভাষ্য, ‘আমি তো কাউকে সন্দেহ করতে পারছি না। বলতে পারছি না, কারা এ কাজটা করেছে। যে বা যারা ঘটনাটা ঘটিয়েছে, তারা খুব ভালো করেই জানে, আমি অফিসে কখন যাই এবং কখন অফিস থেকে বের হই। তারা ওই সময়টা বুঝেই টার্গেট করেছে। কিন্তু তাদের টার্গেটটা মিস হয়ে গেছে।’

যেভাবে গুলি চালানো হয়

পুলিশের তথ্য অনুযায়ী, রাজধানীর হাতিরঝিল থানার আওতাধীন মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়কের পাশে বিশাল সেন্টার মার্কেটের সামনে ফুটপাতের পার্কিংয়ে রাখা ছিল আসিফ আকবরের গাড়ি।

শনিবার ভোরে একটি সিএনজিচালিত অটোরিকশায় এসে এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে গুলির কার্তুজ উদ্ধার করে পুলিশ।

তবে হামলার সঙ্গে কারা জড়িত, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত করছে।

শোবিজ অঙ্গনে উদ্বেগ

আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের শিল্পী ও কলাকুশলীরা। অভিনেতা ওমর সানী, সংগীতশিল্পী ধ্রুব গুহসহ অনেকে ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

ঘটনাটি ঘিরে সংগীতাঙ্গনসহ বিনোদন অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। হামলার পেছনের কারণ উদ্‌ঘাটন করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!