জাতীয় সংসদ

বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে: মন্ত্রী

আপডেট: জুন ১৬, ২০২৬ : ০৪:১৭ এএম
বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে: মন্ত্রী

বাল্যবিবাহ প্রতিরোধে বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে কাগজভিত্তিক জন্মসনদের পরিবর্তে অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন রেকর্ড বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ সংশোধনের কাজ চলছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।

সোমবার জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সদস্য আবুল হাসনাতের এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ইউনিসেফ ও ইউএনএফপিএর কারিগরি সহায়তায় আইনের সংশোধনী খসড়া প্রণয়নের কাজ চলছে। সংশোধনের মাধ্যমে বিদ্যমান আইনের ‘বিশেষ পরিস্থিতি’ সংক্রান্ত বিধানের অপব্যবহার রোধ এবং বাল্যবিবাহের সুযোগ তৈরি করা বিভিন্ন আইনি ফাঁকফোকর বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী বিবাহ নিবন্ধনের সময় বাধ্যতামূলকভাবে অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন তথ্য যাচাই করা হবে। এর ফলে জাল জন্মসনদ ব্যবহার করে বর বা কনের প্রকৃত বয়স গোপন করার সুযোগ কমে আসবে।

মন্ত্রী আরও বলেন, অনেক ক্ষেত্রে ধর্মীয় রীতি অনুসরণ করে আনুষ্ঠানিক নিবন্ধন ছাড়াই বিয়ে সম্পন্ন হওয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে নজরদারি ও আইন প্রয়োগে চ্যালেঞ্জ তৈরি হয়। তাই এ সমস্যা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি বলেন, বাল্যবিবাহ সম্পূর্ণ নির্মূল করতে আইনগত পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কার্যকর নজরদারিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!