গরমের সময় বাড়তি ঘাম, ক্লান্তি ও পানি কম পানের কারণে শরীরে পানিশূন্যতা দেখা দেওয়া খুবই সাধারণ একটি সমস্যা। শুধু পানি পান করলেও অনেক সময় পর্যাপ্ত হাইড্রেশন নিশ্চিত হয় না। বিশেষজ্ঞদের মতে, সাধারণ পানিতে কিছু প্রাকৃতিক উপাদান যোগ করলে শরীরের পানির ভারসাম্য বজায় রাখা সহজ হয়, পাশাপাশি পানি পানের আগ্রহও বাড়ে।
লেবু
পানিতে লেবুর রস যোগ করলে তা স্বাদ বাড়ানোর পাশাপাশি ঘন ঘন পানি পানে উৎসাহিত করে। লেবুতে থাকা ভিটামিন সি ও সামান্য পটাশিয়াম শরীরের ইলেক্ট্রোলাইট ভারসাম্য রক্ষায় সহায়তা করে। গরম আবহাওয়ায় এটি হাইড্রেশন বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
পুদিনা পাতা
পুদিনা পানিকে আরও সতেজ করে তোলে এবং শরীরে শীতল অনুভূতি দেয়। এটি সরাসরি ইলেক্ট্রোলাইট সরবরাহ না করলেও স্বাদ ও ঘ্রাণের কারণে পানি পানের প্রবণতা বাড়ায়, ফলে সারাদিন পর্যাপ্ত পানি গ্রহণ সহজ হয়।
চিয়া সিড
ভিজিয়ে রাখা চিয়া সিড পানিতে মিশালে এটি জেলের মতো রূপ নেয়, যা ধীরে ধীরে পানি শোষণ ও ধরে রাখতে সাহায্য করে। ফলে দীর্ঘ সময় শরীর হাইড্রেটেড থাকতে পারে।
এক চিমটি লবণ
অল্প পরিমাণ লবণ পানিতে যোগ করলে শরীরে সোডিয়ামের ঘাটতি পূরণে সহায়তা হয়। সোডিয়াম একটি গুরুত্বপূর্ণ ইলেক্ট্রোলাইট, যা শরীরের তরল ভারসাম্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। তবে পরিমাণ খুব সামান্য হওয়া জরুরি।
শসা
শসায় প্রায় ৯৫ শতাংশ পানি থাকে। পানিতে শসার টুকরা মেশালে তা শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে এবং পানিকে আরও হালকা ও সতেজ করে তোলে।
বিশেষজ্ঞদের মতে, গরমের সময় নিয়মিত পানি পানের পাশাপাশি এ ধরনের প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে শরীরে পানিশূন্যতার ঝুঁকি কমে এবং দৈনন্দিন হাইড্রেশন বজায় রাখা সহজ হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!