লাইফস্টাইল

ডায়াবেটিসে লিভার রোগের ঝুঁকি বাড়ে, সতর্কতা ও স্ক্রিনিং জরুরি বলছে গবেষণা

আপডেট: জুন ২২, ২০২৬ : ০৫:২৯ এএম
ডায়াবেটিসে লিভার রোগের ঝুঁকি বাড়ে, সতর্কতা ও স্ক্রিনিং জরুরি বলছে গবেষণা

টাইপ ২ ডায়াবেটিস শুধু রক্তে শর্করার সমস্যা নয়, এটি লিভারের গুরুতর রোগের ঝুঁকিও বাড়াতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে লিভারের ক্ষতিও এখন একটি গুরুত্বপূর্ণ জটিলতা হিসেবে বিবেচনা করা উচিত।

‘ডায়াফিব-লিভার স্টাডি’ শীর্ষক এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক জার্নাল ‘দ্য ল্যানসেট রিজিওনাল হেলথ–সাউথইস্ট এশিয়া’-তে।

গবেষণায় ভারতজুড়ে টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত ৯ হাজার ২০০ জনের বেশি প্রাপ্তবয়স্কের তথ্য বিশ্লেষণ করা হয়। এতে লিভার ফাইব্রোসিসের উপস্থিতি পরীক্ষা করা হয়, যেখানে সুস্থ লিভার টিস্যু ধীরে ধীরে ক্ষত টিস্যুতে পরিণত হয়। এ অবস্থা থেকে পরবর্তী সময়ে সিরোসিস, লিভার ফেইলিওর এবং লিভার ক্যান্সারের ঝুঁকি তৈরি হতে পারে।

গবেষণার ফলাফলে দেখা যায়, অংশগ্রহণকারীদের প্রায় ২৬ শতাংশের মধ্যে চিকিৎসাগতভাবে উল্লেখযোগ্য লিভার ফাইব্রোসিস পাওয়া গেছে। এর মধ্যে প্রায় ১৪ শতাংশের ক্ষেত্রে অ্যাডভান্সড ফাইব্রোসিস শনাক্ত হয়েছে। এছাড়া প্রায় ৫ শতাংশ রোগীর ক্ষেত্রে কোনো সুস্পষ্ট উপসর্গ না থাকলেও সম্ভাব্য সিরোসিসের লক্ষণ পাওয়া গেছে।

গবেষকরা আরও জানান, অংশগ্রহণকারীদের প্রায় দুই-তৃতীয়াংশের লিভারে অতিরিক্ত চর্বি জমা ছিল, যা বর্তমানে মেটাবলিক ডিসফাংশন-অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ (MASLD) নামে পরিচিত। তবে আশ্চর্যজনকভাবে দেখা গেছে, ফ্যাটি লিভার না থাকলেও কিছু রোগীর ক্ষেত্রে লিভার ফাইব্রোসিস পাওয়া গেছে, যা দীর্ঘদিন নীরবে লিভারের ক্ষতি হওয়ার ইঙ্গিত দেয়।

বিশেষজ্ঞদের মতে, টাইপ ২ ডায়াবেটিস, ইনসুলিন রেজিস্ট্যান্স ও স্থূলতা একসঙ্গে লিভারে চর্বি জমা এবং প্রদাহ সৃষ্টি করতে পারে, যা ধীরে ধীরে ফাইব্রোসিস ও সিরোসিসের দিকে নিয়ে যায়।

গবেষকরা ফাইব্রোস্ক্যান নামের নন-ইনভেসিভ পরীক্ষার গুরুত্বের কথাও উল্লেখ করেছেন। তাদের মতে, এ ধরনের স্ক্রিনিং পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহার করা গেলে গুরুতর লিভার ক্ষতি হওয়ার আগেই রোগ শনাক্ত করা সম্ভব হবে।

বিশেষজ্ঞরা ডায়াবেটিস রোগীদের নিয়মিত লিভার পরীক্ষা ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!