জাতীয়

পোলট্রি খাতে সততা ও সমন্বয়ের আহ্বান প্রতিমন্ত্রীর

আপডেট: এপ্রি ২০, ২০২৬ : ০৪:৫৮ এএম
পোলট্রি খাতে সততা ও সমন্বয়ের আহ্বান প্রতিমন্ত্রীর

আগামী ২০৩০ সালের মধ্যে দেশের পোল্ট্রি খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ লক্ষ্য অর্জনে খাতসংশ্লিষ্ট সকলকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রাণিসম্পদ খাত নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, “দেশের সার্বিক কল্যাণে সবাইকে একযোগে কাজ করতে হবে। কোনো ধরনের অসততা বরদাস্ত করা হবে না।” একই সঙ্গে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত পুরো ব্যবস্থায় সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ক্ষুদ্র খামারিদের অবদানের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তাদের টিকিয়ে রাখা অত্যন্ত জরুরি। কারণ ক্ষুদ্র খামারি না থাকলে বড় খামারিরাও টেকসইভাবে টিকে থাকতে পারবে না। বর্তমানে প্রতি ডিম উৎপাদনে প্রায় ৯ টাকা খরচ হলেও খামারিরা লোকসান দিয়ে ৭ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

ভ্যাকসিন আমদানির বিষয়ে তিনি জানান, সরকার ও বেসরকারি কিছু প্রতিষ্ঠান এ কার্যক্রমে যুক্ত রয়েছে। তাই সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ফিড, বাচ্চা উৎপাদন, খামার ব্যবস্থাপনা ও বিপণন—সব পর্যায়ে ‘উইন-উইন’ পরিস্থিতি নিশ্চিত করার ওপর জোর দেন তিনি, যাতে ভোক্তার ওপর অতিরিক্ত চাপ না পড়ে।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন বলেন, সরকার খাতটির উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা দেবে। একই সঙ্গে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিলের সভাপতি মসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার সভাপতি শামসুল আরেফিন খালেদসহ খাতসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!