পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু দিয়ে প্রায় ৬ লাখ ৮০ হাজার যানবাহন চলাচল করেছে। এ সময়ে দুই সেতু থেকে মোট ৬৩ কোটি ৮০ লাখ ৫০ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
রোববার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ থেকে ৩০ মে পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ৩ লাখ ১৮ হাজার ৫১৫টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় সেতুটি থেকে টোল আদায় হয়েছে ৩৬ কোটি ১১ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা।
একই সময়ে যমুনা সেতু দিয়ে চলাচল করেছে ৩ লাখ ৬১ হাজার ৪৮২টি যানবাহন। সেতুটি থেকে টোল আদায় হয়েছে ২৭ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা।
দুই সেতু মিলিয়ে ১০ দিনে মোট ৬ লাখ ৭৯ হাজার ৯৯৭টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল বাবদ আদায় হয়েছে ৬৩ কোটি ৮০ লাখ ৫০ হাজার ৮০০ টাকা।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকারের বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে। যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের তুলনায় বেশি থাকলেও বড় ধরনের দুর্ঘটনা কিংবা দীর্ঘস্থায়ী যানজটের ঘটনা ঘটেনি।
সংস্থাটির মতে, আগাম প্রস্তুতি, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের কারণে এবারের ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!