জাতীয়

জলবায়ুজনিত অভিবাসন চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও আইওএম

আপডেট: জুন ০১, ২০২৬ : ০৫:৪৬ এএম
জলবায়ুজনিত অভিবাসন চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও আইওএম

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট বাস্তুচ্যুতি মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অভিবাসনকে কার্যকর অভিযোজন কৌশল হিসেবে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। এ লক্ষ্যে উভয় পক্ষ সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত হয়েছে।

জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহান এবং আইওএমের মহাপরিচালক অ্যামি পোপের মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। রোববার এক কূটনৈতিক বার্তায় বৈঠকের তথ্য জানানো হয়।

বৈঠকে রাষ্ট্রদূত নাহিদা সোবহান আন্তর্জাতিক অভিবাসন পর্যালোচনা ফোরাম (আইএমআরএফ) সফলভাবে আয়োজন এবং ‘ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট ২০২৬’ প্রকাশ উপলক্ষে অ্যামি পোপকে অভিনন্দন জানান।

তিনি বলেন, অভিবাসনকে টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজে লাগাতে বৈশ্বিক উদ্যোগ আরও শক্তিশালী হওয়া প্রয়োজন। বিশেষ করে স্বল্পোন্নত ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রাষ্ট্রদূত আরও জানান, ভবিষ্যতে ‘ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট’-এর বিভিন্ন সংস্করণে অবদান রাখতে এবং অভিবাসন ব্যবস্থাপনা বিষয়ে বাংলাদেশের অভিজ্ঞতা ভাগাভাগি করতে দেশটি প্রস্তুত রয়েছে।

বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগণের কল্যাণ ও সক্ষমতা বৃদ্ধিতে আইওএমের সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

উভয় পক্ষ মত প্রকাশ করে যে, জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমশ তীব্রতর হওয়ায় অভিবাসন ব্যবস্থাপনা, সহনশীলতা বৃদ্ধি এবং মানবিক মর্যাদা সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

বৈঠকে জলবায়ুজনিত অভিবাসন চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের গুরুত্বও তুলে ধরা হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!